প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১৯ পিএম
বলিউডের অন্যতম মেধাবী অভিনেতা আয়ুষ্মান খুরানা। ২০২২ সালটি তার জন্য বেশ ভালোই কেটেছে। মোট তিনটি সিনেমা মুক্তির পাশাপাশি বেশকিছু জনপ্রিয় গানও উপহার দেন তিনি। এই ধারাবাহিকতায় এ বছর তার আরও একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।
যার নাম ‘ড্রিম গার্ল ২’। এখানে আয়ুষ্মানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী অনন্যা পান্ডেকে। এক সঙ্গে এটাই তাদের তাদের প্রথম কাজ। সিনেমাটি এ বছরে মার্চ অথবা জুনে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার কথার ছিল। তবে নতুন করে জানানো হয়েছে এর মুক্তির তারিখ। সেখানে বলা হয়েছে, সিনেমাটি মুক্তি পাবে ৭ জুলাই।
ভালোবাসা দিবসের আগমুহূর্তে প্রকাশ্যে এসেছে সিনেমাটির টিজার। আয়ুষ্মান সেটি শেয়ার করেছেন। সেখানে মুখ না দেখিয়ে নতুন ড্রিম গার্লের কণ্ঠস্বর শোনা গেছে। মহিলা কণ্ঠস্বর করে কথা বলছেন আয়ুষ্মান। সেজেছেনও মেয়ের মতোই। শোনা গেল পর্দার পূজার সঙ্গে পর্দার পাঠান শাহরুখ খানের কথোপকথন। টিজারে পূজা ফোন তুলতেই ‘পাঠান’-এর পক্ষ থেকে এলো ভ্যালেন্টাইন’স ডের শুভেচ্ছা। মেকআপ করতে করতে পাঠানের সঙ্গে ফোনে কথোপকথন চালিয়ে যাচ্ছে পূজা। ফোনের ওপার থেকে ভেসে আসছে, ‘আমার জওয়ান মুক্তি পাচ্ছে’। এরপরই পূজাও জানায়, ৭ জুলাই সেও আসছে। অর্থাৎ ‘ড্রিম গার্ল ২’ মুক্তি পাচ্ছে।
টিজারের শুরুতে এক মহিলাকে ব্যাকলেস ব্লাউজ, ঝলমলে লেহেঙ্গায় দেখা মিলেছে। বিছানায় বসে ক্যামেরার দিকে পিঠ করে সে। ‘পাঠান’ থেকে ফোন আসে তার কাছে। মুখ না দেখালেও যারা ‘ড্রিম গার্ল’ দেখেছেন, তাদের বুঝতে অসুবিধা হবে না যে ভিডিওতে স্বয়ং আয়ুষ্মানই রয়েছেন। তবে আগের ছবির মতো শুধু কণ্ঠস্বর নয়, এবার তাকে মহিলা বেশেও দেখা যাবে।
এদিকে টিজারটি শেয়ার করে অনন্যা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘চুক্তি করার পর আমি ভেবেছিলাম সিনেমায় একটাই নায়িকা, তাহলে এই পূজাকে কেন ফোন করছে সবাই।’
‘ড্রিম গার্ল ২’ সিনেমায় আয়ুষ্মান খুরানা, অনন্যা পান্ডে ছাড়াও আরও দেখা যাবে পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আসরানি, বিজয় রাজ, অনু কপূর, সীমা পহওয়া, মনোজ যোশী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মনজোৎ সিংহকে। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেরও পরচালনার দায়িত্বে আছেন পরিচালক রাজ শান্ডিল।
‘ড্রিম গার্ল ২’ সিনেমাটি ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ড্রিম গার্ল’ সিনেমার একটি সিক্যুয়াল। কমেডি ধাঁচের এই সিনেমাটি দর্শকদের কাছে সে সময় ব্যাপক জনপ্রিয়তা পায়। যেখানে প্রধান দুই চরিত্রে অভিনয় করেন আয়ুষ্মান খুরানা ও নুসরাত ভারুচা।