বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২২ ১৫:৪৩ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২২ ১৭:৫৫ পিএম
দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। একের পর এক বৈচিত্র্যময় চরিত্রে তিনি কাজ করে যাচ্ছেন। ‘হাওয়া’ দিয়ে সর্বশেষ মুগ্ধতা ছড়িয়েছেন। তার সেই সিনেমা এখন মুক্তি পেতে যাচ্ছে উত্তর আমেরিকায় ১১৭টি হলে। সেই রেশ কাটতে-না কাটতেই ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে প্রকাশ হওয়া ‘কারগার’ সিরিজ দিয়েও বাজিমাত করেছেন তিনি।
এবার পাওয়া গেল আরও এক চমকপ্রদ খবরের আভাস। শিগগিরই ভারতীয় জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘ডিজনি+হটস্টার’- এ দেখা দেবেন চঞ্চল চৌধুরী। তাকে নিয়ে বড় কিছু করতে চলেছে প্রতিষ্ঠানটি।
এমন আভাস পাওয়া গেল ডিজনি+হটস্টারের চিফ অপারেশন অফিসার হুজেফা কাপাডিয়ার ফেসবুক পোস্টে। হুজেফাকে ধন্যবাদ দিয়ে পোস্টটি রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন চঞ্চল চৌধুরী। সেটি আবার দেখা যাচ্ছে হুজেফার অ্যাকাউন্টে।
সম্প্রতি হইচইয়ে মুক্তি পাওয়া কারাগার ওয়েব সিরিজ নিয়ে যখন বাংলাদেশ ও কলকাতার দর্শকরা তুমুল আলোচনা করছে, তখনই হুজেফার পোস্টে মিলল এ বড় খবরের ইঙ্গিত।
সেই পোস্টে হুজেফা চঞ্চল চৌধুরীর কারাগার ওয়েব সিরিজের অভিনয়ের প্রশংসা করেছেন এবং এও জানিয়েছেন যে দ্বিতীয় সিজনটির জন্য তিনি অপেক্ষা করছেন। হুজেফার যে লেখাটির জন্য ধারণা করা হচ্ছে যে ডিজনি+হটস্টার চঞ্চলকে নিয়ে বড় কোনো কাজ করতে যাচ্ছেন, সেই লেখাটি হলো এমন, ‘আপনার (চঞ্চল চৌধুরী) সঙ্গে শিগগিরই আমাদের কাস্টিং টেবিলে দেখা হবে এবং আমরা বড় কোনো পরিকল্পনা করব।’
চঞ্চলকে নিয়ে ডিজনি+হটস্টারের পরিকল্পনা কেমন? প্রোজেক্টটি কেমন হতে যাচ্ছে? ডিজনি+হটস্টার বাংলাদেশে কাজ শুরু করবে কি না? এসব নিয়ে দেশের মিডিয়ায় চলছে এখন দারুণ আলোচনা।
এদিকে অনেকে দাবি করছেন, এটি হুজেফা কাপাডিয়ার আইডি নয়। একটি ফেক আইডি থেকে পোস্টটি করা হয়েছে।
প্রবা/এলএ/এমআই