প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১৭ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২৭ পিএম
ডিজাইনার বিপ্লব সাহা মানেই নতুন চমক। এবার তিনি হাজির ভালোবাসা দিবসের গান নিয়ে। গানটির শিরোনাম ‘তুমি ভালোবাসো বলেই’। এ গানের কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবন এবং সুর করেছেন মার্সেল।
গানটির মিউজিক ভিডিওর চিত্র ধারণ করা হয়েছে সাগরকন্যা কুয়াকাটার মনোরম লোকেশনে। এই ভালোবাসা দিবস উপলক্ষে বিপ্লব সাহার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে। একই সঙ্গে দেশসেরা ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও একযোগে গানটি প্রকাশিত হয়েছে ৯ ফেব্রুয়ারি সন্ধ্য ৭টায়।
গানটি প্রসঙ্গে বিপ্লব সাহা বলেন, ‘শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসার মানুষকে ভালো ভালো কথা বলতে জানতে হয়। আমাদের মধ্যে এমন অনেকে আছে পাগলের মতো ভালোবেসে যাই, কিন্তু ভালোবাসার মানুষটিকে দুটি ভালোবাসা প্রকাশ করার মতো ভালো কথা বলতে জানি না। তাদের জন্য এ গানটি। আমার অত্যন্ত স্নেহের প্রিয় ছোট ভাই, অসংখ্য হিট গানের রচয়িতা রবিউল ইসলাম জীবন প্রেমময় শব্দের মালা দিয়ে সাজিয়েছেন আমার এ গান। আমি নিশ্চিত মার্সেলের সুর করা এ গান আপনাদের প্রাণ ছুঁয়ে যাবে ভালোবাসা দিবসে।’
প্রতিটি ভালোবাসা দিবস হোক প্রতিদিনের ভালোবাসার দিন এ গানের মাধ্যমে, এ প্রত্যাশা বিপ্লব সাহার।