প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪০ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৬ পিএম
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। সেইসঙ্গে লেগেছে ভালোবাসা দিবসের রঙিন ছোঁয়াও। এমনি ক্ষণে নতুন গান নিয়ে এলেন সাফিকা নাসরিন মিমি। তিনি গেয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘বসন্ত এসো’। গানের সঙ্গে ব্যবহৃত হয়েছে একটি কবিতাও। এ কবিতা লিখেছেন হায়াত কামাল। গানের সঙ্গে কবিতাটি আবৃত্তি করেছেন দেশের জনপ্রিয় আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা।
গানটি প্রকাশ হয়েছে ১৩ ফেব্রুয়ারি। এ গানের সংগীতায়োজন করেছেন সজীব দাস। এতে সরোদ বাজিয়েছেন সুরকার এবং সরোদ শীল্পি তানিম হায়াত খান রাজিত।
এ গান নিয়ে সাফিকা নাসরিন মিমি বলেন, ‘এ আয়োজনে গান, কবিতা ও বসন্ত মিলেমিশে এক হয়েছে। হায়াত কামালের লেখা কবিতা আবৃত্তি করেছেন আমাদের প্রিয় আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা। সরোদের যাদুর সুরে আমাদের গান-কবিতার মেল বন্ধনকে প্রাণবন্ত করেছেন তানিম হায়াত খান রাজিত। এখন পর্যন্ত গানটি নিয়ে ভালো রেসপন্স পাচ্ছি।’
গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি এর ভিডিও তৈরির আইডিয়া ও পরিচালনাও করেছেন সাফিকা নাসরিন মিমি। ডিওপি এবং এডিটিং করেছেন খোকন কর্মকার।