বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২২ ১৩:৪০ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২২ ১৪:০০ পিএম
গিটারের ডাক্তার আব্দুল রফিক
গল্পটা এক গিটার ডাক্তারের। ভাবছেন গিটারের আবার ডাক্তার হয় নাকি? কিন্তু এমনই একজন ডাক্তার আছেন, যার কাছে গিটারের যেকোনো সমস্যায় ছুটে যেতেন আইয়ুব বাচ্চু, শাফিন আহমেদ কিংবা জেমসদের মতো সব গুণী শিল্পী।
বলছি, আব্দুল রফিকের কথা। দীর্ঘ ৪৫ বছর থেকে তিনি জড়িত এ পেশায়।
বয়স ৬৫ ছুঁই ছুঁই। জীবনের সাড়ে ছয় দশকের এই গল্পে, সাড়ে চার দশকই কেটেছে গিটারের ছয় তারের সঙ্গে। তার হাতেই তারকাদের গিটারের নানা সমস্যার হয়েছে সমাধান। আর তাই তো অনেক তারকার কাছে তিনি পরিচিত গিটার ডাক্তার হিসেবে!
রফিক বলেন, "ইলেকট্রনিক্স লাইনে আছি ১৯৭২ সাল থেকে। আর গিটার লাইনে আসছি ১৯৮০ সালের দিকে। এখনো চলছে তা। এমন কোনো লিজেন্ড নেই যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার কাছে আসেনি"।
এক সময় কি-বোর্ড, মাইক্রোফোন, প্রসেসর, এমপ্লিফায়ারসহ বিভিন্ন ইলেকট্রিক যন্ত্র মেরামতের কাজ করলেও পরে থিতু হন ইলেকট্রিক গিটার মেরামতে। প্রয়াত আইয়ুব বাচ্চু , লাকি আকন্দ কিংবা শাফিন আহমেদ, জেমস অথবা এই সময়ের তারকা, সবার গিটারেই হাত পড়েছে আব্দুল রফিকের।
সেবা নিতে আসা এক তরুণ বলেন, আমরা দাদার কাছে গিটার নিয়ে এলে একদম নিশ্চিন্তে থাকি। কারণ এরকম একজন মানুষ বর্তমান সমাজে দেখা যায় না। অনেক যত্ন নিয়ে কাজগুলো করেন তিনি।
দীর্ঘ এই কর্ম জীবনে তৈরি করেছেন ২০ জনের বেশি শিষ্য। যারা এখন নিজ নিজ অঙ্গনে প্রতিষ্ঠিত। তার দোকানে কর্মরত এক শিষ্য বলেন, ''আমি প্রায় পাঁচ বছর ধরে এখানে আছি। আংকেলের কাছে এখনো কাজ শিখছি। এখানে বাপ্পা মজুমদার আমার কাঁধে হাত দিয়ে বসেছিল। এখানে অনেক সিনিয়রদেরও দেখতে পেয়েছি"।
শত প্রতিকূলতার মাঝেও মানুষ করেছেন সন্তানদের। পাশাপাশি সাংস্কৃতিমনা করে গড়ে তুলেছেন তাদের। তিনি বলেন, "তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে ইডেন মহিলা কলেজ থেকে ইকোনমিক্সে মাস্টার্স সম্পন্ন করেছে। আর ছেলে করোনার আগ মুহূর্তে আহসানউল্লাহ ইউনিভার্সিটি থেকে আইপিই-তে পড়ালেখা শেষ করেছে"।
অন্যদিকে জীবনের এই ছোট্ট গল্পে, বছরখানেক আগে করোনায় আক্রান্ত হয়ে বিয়োগ হয়েছেন তার প্রিয় সহধর্মিণী। জীবনের কাছে শুধু এতটুকুই চাওয়া- মৃত্যুর আগ পর্যন্ত এই ছয় তারের সঙ্গেই পাড় করে দিতে চান।
আর তাই প্রত্যাশা, গিটারের ডাক্তার আব্দুল রফিক বেঁচে থাকুক আরও অনেক বছর, অনেক যুগ। দেশে তৈরি হোক হাজারও গিটারের ডাক্তার।
প্রবা/টিএম /এসআর