প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১৫ পিএম
নানা সংকট আর দর্শক-খরার মাঝে গেল বছর ‘কানতারা’ সিনেমাটি মুক্তি পায়। মাত্র ১৬ কোটি রুপি ব্যয়ে নির্মাণ করা হয় এটি। মুক্তির আগে অতটা হইচই ছিল না এ সিনেমা নিয়ে। তবে মুক্তির পর রীতিমতো বাজিমাত করে দিয়েছে। এটি দিয়ে ৪শ কোটি রুপিরও বেশি আয় ঘরে তুলেছেন পরিচালক ঋষভ শেঠি। সেই সাফল্যের রেশ এখনও কাটেনি।
এবার শোনা যাচ্ছে সিনেমাটির দ্বিতীয় কিস্তি নির্মাণ হবে। এতে অভিনয় করতে দেখা যাবে বলিউডের গ্ল্যামার গার্ল অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকে। ভারতের বেশকিছু গণমাধ্যম এমনটাই জানিয়েছে। তবে ‘কানতারা ২’ সিনেমায় তার অভিনয়ের বিষয়টি নিয়ে এখনও কোনো অফিসিয়াল বক্তব্য আসেনি। পরিচালকের সঙ্গে ঊর্বশীর একটি ছবি আলোচনাটির জন্ম দিয়েছে। জনপ্রিয় সিনেমাটির সিক্যুয়েলে ঊর্বশীর অংশগ্রহণ আরও বেশি আলোচিত করবে বলে ধারণা ভারতীয় সিনেমা বিশেষজ্ঞদের। কারণ ভৌতিক সিনেমায় এরই মধ্যে এই অভিনেত্রী তার মুন্সিয়ানা দেখিয়েছেন।
সম্প্রতি ঊর্বশী তার ইনস্টাগ্রামে পরিচালক ঋষভ শেঠির সঙ্গে একটি ছবি শেয়ার করেন। সেখানে হলুদ পশাকে সবার নজর কাড়েন তিনি। এ সময় তার ঠিক বাম পাশে পরিচালককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটি শেয়ার করে ক্যাপশনে হ্যাশ ট্যাগ দিয়ে তিনি ‘কানতারা ২’ ও পরিচালক ঋষভ শেঠির নাম জুড়ে দিয়ে লেখেন, ‘হম্বেল লোডিং’।
এরপরই শুরু আলোচনা। মন্তব্য বক্সে ভক্তরা জানতে চান এই প্রজেক্টে তিনি যুক্ত হয়েছেন কিনা। অনেকেই আবার শুভকামনা ও ভালোবাসা জানান। তবে দুজনের কারও পক্ষ থেকেই এখন পর্যন্ত অফিসিয়াল কিছু বলা হয়নি।
এদিকে ‘কানতারা ২’ প্রোডাকশন হাউসের পক্ষ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামাকে বলেন, ‘কানতারার নতুন প্রজেক্টে ঊর্বশী রাউতেলার অভিনয় নিয়ে যে গুঞ্জন চলছে তা ভিত্তিহীন এবং মিথ্যে। আমরা তার সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলিনি। সম্প্রতি তিনি আমাদের প্রথম পর্বের সফলতার জন্য শুভেচ্ছা জানিয়েছেন এবং দেখা করতে এসেছিলেন। সে সময় পরিচালকের সঙ্গে তার দেখা হয় এবং তারা এক সঙ্গে ছবি তোলেন। ‘কানতারা ২’ অভিনয়ের এখনও কোনো কথা হয়নি কারও সঙ্গেই।’
তবে শিগগিরই ‘কানতারা ২’ নির্মাণের কাজ শুরু হবে বলে জানা গেল। সিনেমাটিতে ভারতের একাধিক জনপ্রিয় তারকাকে দেখা যাবে। প্রথম পর্বের রহস্য, রোমাঞ্চের ধারাবাহিকতা দ্বিতীয় পর্বেও থাকবে বলে আভাস মিলেছে। সিনেমাটি ২০২৪ সালে মুক্তি দেওয়ার কথা রয়েছে।