মৌসুম আহমেদ
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২১ পিএম
নিলয় আলমগীর। বর্তমান সময়ে নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা। নতুন বছরের শুরু থেকেই বেশ ব্যস্ত সময় পার করছেন। ভ্যালেন্টাইনস ডে ও ঈদ সামনে রেখে কাজ করে যাচ্ছেন বিরতিহীন। সম্প্রতি ‘অন্তরাল’ নামে নাটকের শুটিং সেটে তার সঙ্গে হলো আড্ডা। অভিনয়ের ব্যস্ততা, ক্যারিয়ারের পরিকল্পনা নিয়ে জানালেন অনেক কথা। লিখেছেন মৌসুম আহমেদ
নতুন বছরে বেশ ব্যস্ত মনে হচ্ছে...
হ্যাঁ। এবার অনেক কাজের মধ্য দিয়েই নতুন বছরটা শুরু হলো। ভ্যালেন্টাইনস ডে-ঈদ মিলে বিরতি ছাড়াই কাজ করে যাচ্ছি। ব্যস্ততা উপভোগ করছি আমি।
‘অন্তরাল’ নাটকে আপনার চরিত্রটি কেমন?
এ নাটকে ছিনতাইকারীর চরিত্রে অভিনয় করলাম। আমার জন্য নতুন অভিজ্ঞতা। এর আগে পকেটমার, চোর, এলাকার মাস্তানের চরিত্রে অভিনয় করেছি। কিন্তু ছিনতাইকারীর চরিত্রে অভিনয় প্রথম। একেকটি চরিত্র আসলে একেকটি জীবন। আর সব জীবনেই অনেক রঙ থাকে, নিজস্ব কিছু স্টাইল থাকে। মানুষের ভালোমন্দ বিশ্লেষণের নানান উপলব্ধিও হয়। এ নাটকের চরিত্রটিও বেশ বর্ণিল। কিছুটা রহস্যও আছে।
ভালোবাসা দিবসে কতগুলো নাটকে দেখা যাবে আপনাকে?
প্রায় ছয়টি নাটকে কাজ করেছি। যেগুলোর গল্প বেশ ভালো। এর মধ্যে মোশাররফ করিম ভাই ও হিমির সঙ্গে একটা করেছি। বেশ মজার একটি নাটক। পড়শীর সঙ্গেও একটা কাজ করেছি ভিন্ন আমেজের। অন্য নাটকগুলোও উপভোগ্য হবে দর্শকের, আমার মনে হয়।
ভিউ এবং নাটকের মান এ দুটি বিষয় নিয়ে নানান বিতর্ক চলে এখন। এগুলো নিয়ে আপনার ভাবনা জানতে চাই...
ভিউর সঙ্গে মানের কোনো খারাপ সম্পর্ক নেই। দুটি বিষয়ই নাটকের জন্য প্রাসঙ্গিক। ভিউ ও মান দুটিরই দরকার আছে। আমি চেষ্টা করি ভিউ বা ট্রেন্ডি নাটকের পাশাপাশি গল্প, চরিত্র ও অভিনয়ে মানের দিকে খেয়াল রাখতে।
পর্দায় তো ভ্যালেন্টাইন হিসেবে অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে যান। সেই অভিজ্ঞতা বাস্তব জীবনে কতটা প্রভাব ফেলে?
নাটকের ভ্যালেন্টাইন হিসেবে আমি তো পুরোটাই কাল্পনিক। গল্পকারের তৈরি চরিত্র। সেসব চরিত্রের প্রতিফলন নানানভাবেই কিন্তু আমাদের বাস্তবে জীবনে ফুটে ওঠে। বাস্তবে আমার ভ্যালেন্টাইন হলো আমার স্ত্রী। তাকে ঘিরেই সব অভিজ্ঞতা ও ভালোবাসা। ভ্যালেন্টাইনস ডে-তে স্ত্রীর সঙ্গে ঘুরে বেড়াব, হয়তো কোথাও একটু ভালো সময় কাটাব, ম্যাচিং ম্যাচিং ড্রেস পরব, ছবি তুলব, ফেসবুকে দেব এইতো! আমার সাদামাটা ভ্যালেন্টাইনস ডে।
সম্প্রতি তাজমহল ঘুরে এসেছেন স্ত্রীকে নিয়ে। দাম্পত্য জীবনটা বেশ উপভোগ করছেন তাহলে?
খুউউব...। আমাদের রসায়নটা মাশা আল্লাহ ভালো। আমার কাজের ব্যস্ততা সম্পর্কে ভালোভাবেই জানেন আমার স্ত্রী। এ বিষয়টাতে সবসময় তিনি ছাড় দেন। তাই ছুটি পেলে বা বিশেষ দিনগুলোয় চেষ্টা করি তাকে সময় দেওয়ার। এ বছরের শুরুতেই আমরা তাজমহল ঘুরে এসেছি। রোজার ঈদেও পরিকল্পনা আছে দেশের বাইরে কোথাও যাওয়ার।
দীর্ঘদিনের ক্যারিয়ার আপনার। সেখানে আপনার আজকের অবস্থান নিয়ে সন্তুষ্টি কতটুকু?
শিল্পী হিসেবে সন্তুষ্টিটা আসলে চলমান। তবে অনেক ছোট ছোট অর্জন আমার হয়েছে বলে মনে করি। যেমন যখন কোনো একটা কাজ নিয়ে দর্শকের খুব ভালো রেসপন্স দেখি তখন আনন্দ হয়। মানুষের যে ভালোবাসাগুলো পাই, তা আমাকে ভীষণভাবে উৎসাহ দেয়। অনেক বড় অর্জন মনে হয়। এভাবেই কাজ করে যেতে চাই।
ওটিটির জোয়ার চলছে এখন। আপনাকে এখনও দেখা যায়নি। সিনেমায়ও আপনি নেই। কেন?
সত্যি বলতে আমি ওটিটিতে কাজ করার মতো এখনও তেমন কোনো ভালো প্রস্তাব পাইনি। মনের মতো কোনো গল্প, চরিত্র বা টিম পেলে অবশ্যই কাজ করব। ওটিটি এখন অনেক বিস্তৃত একটি মাধ্যম। অনেক ভালো কাজ হচ্ছে আমাদের এখানে। হয়তো আমার কাজ করা হবে। তবে সেটা কবে জানি না। ওটিটির মতো সিনেমায় কাজ করারও কোনো প্রস্তাব আমার কাছে আসেনি। তাই এখানেও কাজ করা হচ্ছে না। আপাতত নাটকের অভিনয়টা উপভোগ করছি।