প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:০২ পিএম
হলিউডের গ্লোবাল স্টার অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে এখন তার ভক্তের সংখ্যা বিশ্বজুড়ে। দর্শকের কাছে তার অভিনয় মানেই ভিন্ন কিছু। তারই ধারাবাহিকতায় স্টুয়ার্ট এবার নতুন রূপে ধরা দিতে যাচ্ছেন পর্দায়। তবে এটি কোনো সিনেমা নয়, ডকুফিল্ম, যার নাম ‘সন্টাগা’। যেখানে মার্কিন নারী লেখক, রাজনৈতিক ব্যক্তিত্ব, দার্শনিক সুসান সন্টাগার বাস্তব জীবনের গল্প তুলে ধরা হবে এবং সন্টাগার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ক্রিস্টেন স্টুয়ার্টকে।
ডকুমেন্টটি পরিচালনা করবেন কার্স্টেন জনসন। এর শুটিং শুরু হবে এ মাসেই, বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে। যেখানে ৭৩তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি বোর্ডের প্রধানের দায়িত্ব পালন করবেন মার্কিন তারকা অভিনয়শিল্পী ক্রিস্টেন স্টুয়ার্ট। এবারের বার্লিন উৎসব শুরু হবে ১৬ ফেব্রুয়ারি, চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ৩২ বছর বয়সি ক্রিস্টেন এ উৎসবের সর্বকনিষ্ঠ প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। উৎসবে ক্রিস্টেনের সব ধরনের অ্যাকটিভিটিস ক্যামেরায় ধারণা করা হবে।
সিনেমাটি নিয়ে ইতোমধ্যে বেশ উচ্ছ্বসিত ক্রিস্টেন। সম্প্রতি হলিউডভিত্তিক একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি বরাবরই নারীকেন্দ্রিক চলচ্চিত্রে অভিনয় করতে আগ্রহী। আর সেখানে যদি বিপ্লবী বা বিতর্কিত কোনো নারীর চরিত্র হয়, তাহলে তো কথাই নেই। আমার নতুন চরিত্রটি আমেরিকার জনপ্রিয় লেখিকা সুসান সন্টাগার। যার বাস্তব জীবনের গল্প চরিত্রের মাধ্যমে আমি পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করব। বিষয়টি আমার জন্য বেশ আনন্দের। আশা করি বড় সবাই একজন সন্টাগারকেই দেখবে।’
এদিকে নিজের নতুন এ প্রজেক্ট নিয়ে বেশ আশাবাদী পরিচালক কার্স্টেন জনসন। তিনি বলেন, ‘আমরা বার্লিন চলচ্চিত্র উৎসব কেন্দ্র করে সিনেমাটির নির্মাণ শুরু করব। যেখানে ক্রিস্টেন অভিনয় নয়, নিজের দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে চরিত্র নিয়ে আমরা তার সঙ্গে কথা বলেছি। তিনি নিজেকে তৈরি করছেন। আশা করি কাজটি খুব সুন্দরভাবে শেষ করতে পারব।’ এর আগে ২০১৮ সালে কান চলচ্চিত্র উৎসবে বিচারক হয়েছিলেন তিনি। সে বছরই চিত্রনাট্য ও পরিচালনায় হাতেখড়ি স্টুয়ার্টের। বানিয়েছিলেন ১৭ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাম সুইম’।
ক্রিস্টেন হলিউডের মেধাবী অভিনেত্রীদের মধ্যে একজন। অভিনয়ে তার যাত্রা ১৯৯৯ সালে, মাত্র ৯ বছর বয়সে শিশু শিল্পী হিসেবে। এর তিন বছর পর ডেভিড ফিঞ্চারের ‘প্যানিক রুম’-এ জোডি ফস্টারের সঙ্গে অভিনয় করে দর্শকমন জয় করেন। তবে তুমুল আলোচনায় আসেন ‘টোয়ালাইট সাগা’ সিনেমা দিয়ে।