× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধুবালা হতে চান ইয়ামি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৩৫ পিএম

মধুবালা হতে চান ইয়ামি

বলিউডে ভিন্ন ঘরানার অভিনেত্রী হিসেবে সুপরিচিত ইয়ামি গৌতম। ‘ভিকি ডোনার’ সিনেমার মাধ্যমে বি টাউনে তার অভিষেক। প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেছিলেন তিনি। তবে এর আগেও একটি প্রসাধন প্রতিষ্ঠানের মুখপাত্র হয়েও পরিচিতি ছড়িয়েছিল তার। তবে মডেলিং নয়, সিনেমাই এখন তার ধ্যান-জ্ঞান।

এর মধ্যে কাবিলে হৃতিক রোশনের সঙ্গে অভিনয় করেছিলেন। সিনেমায় তাদের জুটি বেশ জমেছিল। উরিতে একজন এজেন্টের চরিত্রে তাকে চমৎকার মানিয়েছিল। সর্বশেষ গত বছর ‘আ থার্সডে’ সিনেমায় অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা পায়। এবার এ অভিনেত্রী জানালেন মধুবালার চরিত্রে অভিনয় করা তার স্বপ্ন। 

সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের মুখোমুখি হয়েছিলেন এ অভিনেত্রী। সেখানে নিজের অভিনয়জীবন নিয়ে নানা কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি উঠে এসেছে তার স্বপ্নের চরিত্র। 

তিনি বলেন, ‘সিনে পর্দায় এমন অনেক চরিত্র আছে, যা আমার করার ইচ্ছা আছে। কখনও বায়োপিক করার সুযোগ হলে আমি মধুবালাজির চরিত্রে অভিনয় করতে চাই। তিনি এখনও আমাদের জন্য একজন আইকন।’ এ ছাড়া তিনি একজন যোদ্ধা নারীর চরিত্রে অভিনয় করার ইচ্ছাও রাখেন। ইয়ামি বলেন, ‘আমি অনেক কস্টিউম ড্রামা দেখি। সেখান থেকেই আমার যোদ্ধা নারীর চরিত্রে অভিনয়ের আকাঙ্ক্ষা জাগে।’

সম্প্রতি ইয়ামি গৌতম অভিনীত ‘আ থার্সডে’ মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। প্রায় চার বছর হলো তার কোনো সিনেমা থিয়েটারে মুক্তি পায়নি। এক্ষেত্রে ইয়ামির মত হলো তিনি একজন অভিনেত্রী এবং অভিনয় করাই তার কাজ। সেটা কোন প্ল্যাটফর্মে আসছে, তা বড় ব্যাপার নয়। ইয়ামি বলেন, ‘প্রথমত আমি একজন অভিনয়শিল্পী। আমার প্রথম কাজ, সবচেয়ে ভালো অভিনয়ের সুযোগ খুঁজে বের করা। আমি ওটিটি আর বড় পর্দার মধ্যে পার্থক্য করি না। প্রযোজকরা ঠিক করবেন যে সিনেমা কোথায় মুক্তি দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘ওটিটিতে এখন দর্শক যেকোনো প্রযোজনা দেখার জন্য মুখিয়ে থাকে। এ মাধ্যমে আলাদা দর্শক তৈরি হয়েছে।’

২০১৯ সালে ইয়ামি অভিনীত ‘বালা’ মুক্তি পেয়েছিল থিয়েটারে। তার বিপরীতে অভিনয় করেছিলেন আয়ুষ্মান খুরানা ও ভূমি পেড়নেকর। সিনেমাটি থিয়েটারে দর্শকের মনোযোগ পেয়েছিল। অন্যদিকে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া আ থার্সডেও দর্শকের তুমুল প্রশংসা পায়। অর্থাৎ সিনেমা যদি ভালো হয় আর শিল্পী যদি ভালো কাজ করেন, তবে তা দর্শক লুফে নেবে। 

উরির পরিচালক আদিত্য ধরের সঙ্গে ইয়ামির দাম্পত্য জীবন কাটছে। স্বামীর সাথে মধুর সময় কাটানোর কথাও সাক্ষাৎকারে তুলে ধরেছেন এ অভিনেত্রী। 

প্রসঙ্গত, ইয়ামি বর্তমানে অনিরুদ্ধ রায় চৌধুরীর একটি সিনেমার জন্য কলকাতায় রয়েছেন। সিনেমাটি সম্পর্কে তিনি জানিয়েছেন যে এটি একটি ইনভেস্টিগেটিভ থ্রিলার। আমাদের জীবন ও সমাজে গণমাধ্যমের ভূমিকার কথাও বলে সিনেমাটি। এর পাশাপাশি অতিমারির সময়ের কলকাতার কথাও উঠে এসেছে সিনেমায়। ইয়ামি আশা করেন দর্শকের ভালো লাগবে সিনেমাটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা