বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২২ ১৭:২৩ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২২ ১৭:৪৭ পিএম
পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা 'শনিবার বিকেল'। ২০১৯ সালে নির্মাণ শেষ হওয়ার পর থেকে আজ পর্যন্ত সিনেমাটি পায়নি সেন্সর ছাড়পত্র। ফলে সিনেমার মুক্তিও আটকে যায়।
'শনিবার বিকেল' সেন্সর ছাড়পত্র না পাওয়ায় প্রতিবাদ জানিয়েছে দেশের টেলিভিশন নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। সংবাদমাধ্যমকে পাঠানো এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'তিন বছরের বেশি সময় ধরে শনিবার বিকেল সেন্সর ছাড়পত্র পাচ্ছে না, এটা মুক্তচিন্তার জন্য সবচেয়ে বড় বাধা। সেন্সর বাের্ড এই সিনেমাটিকে সেন্সর ছাড়পত্র কেন দিচ্ছে না, ত্য আমাদের কাছে পরিষ্কার না।'
২০১৬ সালের জুলাই মাসে ঢাকার গুলশানের হলি আর্টিজান হামলা থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি নির্মিত। সিনেমাটি বাংলাদেশ, ভারত ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত। এটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল এবং ভারতের শ্যাম সুন্দর দে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, পরমব্রত চট্টোপাধ্যায়, ইয়াদ হুরানিসহ অনেকে।
ডিরেক্টরস গিল্ডের প্রতিবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রায় ধ্বংস হতে যাওয়া সিনেমা যে কয়েকজন পরিচালক এখনাও আশার আলাে দেখাচ্ছেন, যে কজন পরিচালক আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলা চলচ্চিত্রকে বিশেষভাবে পরিচয় করাতে সক্ষম হয়েছেন, তাদের মধ্যে মােস্তফা সরয়ার ফারুকী অন্যতম।
তার প্রায় সব সিনেমা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলােতে গুরুত্বের সঙ্গে প্রদর্শন করা হয়। অনেক সিনেমা পুরস্কৃত হয়েছে, যা আমাদের জন্য গর্বের।
২০১৯ সালে ‘শনিবার বিকেল’ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪১তম আসরে রাশান ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস জুরি পুরস্কার এবং কমেরসান্ত পুরস্কারসহ অনেক উৎসবে পুরস্কৃত হয়। এ ছাড়া বুসান ও সিডনিসহ অনেক উৎসবের অফিসিয়াল সিলেকশনে স্থান পায় 'শনিবার বিকেল'।
বাংলাদেশেও আমরা 'শনিবার বিকেল' সিনেমাটি দেখতে চাই। বাংলা সিনেমা উন্নতির ধারা অব্যাহত রাখার জন্য 'শনিবার বিকেল'-এর সেন্সর ছাড়পত্র না দেওয়ায় প্রতিবাদ জানাচ্ছি।
পাশাপাশি সেন্সর আইনের পরিবর্তে সেন্সর গ্রেডেশন পদ্ধতির দাবি জানিয়েছে ডিরেক্টরস গিল্ড।
প্রবা/আশা/এমজে