প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪১ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৫৬ পিএম
নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মতো এবারও ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করেছে ভালোবাসার বিশেষ অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। ভিন্নধারার ম্যাগাজিন অনুষ্ঠানটিতে রয়েছে বিভিন্ন আয়োজন।
এতে মূল গান রয়েছে তিনটি। একটি গেয়েছেন সুমী শবনম। ‘মন তোরে দেখিতে পাই না...’ শিরোনামে গানটির কথা লিখেছেন ও সুর করেছেন মোহাম্মদ আকরাম হোসেন এবং সংগীতায়োজন করেছেন সজীব দাস। ‘তোমার চোখে আমার চোখে’ শিরোনামে গান গেয়েছেন দিনাত জাহান মুন্নী। লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী, গানটির চিত্রায়ণে অংশ নিয়েছেন মডেল সাজ্জাদ ও মোনালিসা দীপা। সঞ্চালনার পাশাপাশি মীর সাব্বির ও সুমাইয়া শিমুকে দিয়ে চিত্রায়ণ করা হয়েছে একটি ভালোবাসার গান।
এ ছাড়া ভালোবাসার ওপর বিভিন্ন আঙ্গিকে মজাদার কিছু নাট্যাংশ রয়েছে। পাশাপাশি আরও রয়েছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার জারুলছড়ি গ্রামের মন শান্তি চাকমা নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির বাদ্যযন্ত্র ছাড়া একক কণ্ঠে দ্বৈত সংগীত। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উত্তর ভাটেরখিল গ্রামে ১৩০ বছর ধরে শীতের সময় গ্রামের কয়েক হাজার মানুষকে একদিন এক জায়গায় জড়ো করে রস দিয়ে তৈরি শিরনি খাওয়ানো হয়। তাদের এ অভিনব উদ্যোগের ওপর এবারের আয়োজনে রয়েছে একটি সমসাময়িক প্রতিবেদন।
ফাগুন অডিও ভিশন কর্তা হানিফ সংকেত জানান, এবারের পাঁচফোড়নে দুই প্রতিবেশী প্রেমিক-প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন মীর সাব্বির ও সুমাইয়া শিমু।
অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে ১৪ ফেব্রুয়ারি রাত ১০টা ৪০ মিনিটে।