প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৮ পিএম
জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশের সাহসিকতার গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’। আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত সিনেমাটি গতকাল অস্ট্রেলিয়ার সিডনিতে দুটি প্রেক্ষাগৃহে প্রদর্শনী শুরু হয়েছে। এ ছাড়াও আগামী ২৬ ফেব্রুয়ারি ইতালির রোমে সিনেমাটি প্রদর্শিত হবে।
সিনেমার অন্যতম নির্মাতা সানী সানোয়ার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘পরিবেশনা সংস্থা বঙ্গজ ফিল্মস অস্ট্রেলিয়ায় ছবিটির প্রদর্শনীর দায়িত্বে আছে। আপাতত সিডনিতে ছবিটি দেখা যাচ্ছে। এরপর পর্যায়ক্রমে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে সিনেমাটির প্রদর্শনী হবে।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের পর অস্ট্রেলিয়া আমাদের সিনেমার দ্বিতীয় বৃহত্তম মার্কেট হিসেবে বিশেষ গুরুত্ব পেয়ে থাকে। ১০ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় রিলিজের মাধ্যমে ‘ব্ল্যাক ওয়ার’ বিশ্বব্যাপী রিলিজিং কার্যক্রম শুরু করেছে। আশা করি, ব্ল্যাক ওয়ার অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলা ভাষাভাষীদের মন জয় করতে সমর্থ হবে। পাশাপাশি বাংলা ভাষাভাষী মানুষ যেখানে বসবাস করেন, সেসব দেশেও সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।’
ব্ল্যাক ওয়ারের পরিবেশক তানিম আল মিনারুল মান্নান বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে স্মার্ট আর বাস্তবধর্মী পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা মিশন এক্সট্রিম। ব্ল্যাক ওয়ার সেই ধারাকে অনেক ওপরে নিয়ে গেছে। ইতোমধ্যেই বাংলাদেশের সাধারণ দর্শকদের স্বতঃস্ফূর্ত প্রশংসা সেই ইঙ্গিত দিচ্ছে।’
অস্ট্রেলিয়া প্রবাসী অভিনেতা তাসকিন রহমান আর সাদিয়া নাবিলার দুর্দান্ত অভিনয় অস্ট্রেলিয়ার দর্শকদের জন্য বাড়তি উৎসাহ জুগিয়েছে’ বলেও জানান মিনারুল মান্নান।
মিশন এক্সট্রিমের সিক্যুয়েল ‘ব্ল্যাক ওয়ার’। কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দুটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।
সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজসহ অনেকে।
সিনেমার আইটেম গানে নেচেছেন চিত্রনায়িকা ববি হক। গত ১৩ জানুয়ারি সিনেমাটি দেশে মুক্তি পায়।