প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫৬ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১১ পিএম
বলিউডের অন্যতম লাস্যময়ী অভিনেত্রী ইয়ামি গৌতম। অভিনয়ের ক্যারিয়ারে বেছে বেছেই কাজ করেন তিনি। পর্দায় নিজেকে মেলে ধরার বেপারেও বেশ সতর্ক তিনি। তার অভিনীত নতুন ছবি ‘লস্ট’-এর প্রচারে দু’দিনের সফরে কলকাতায় আসেন ইয়ামি গৌতম। সম্প্রতি সেখানে এক সাক্ষাৎকারে চরিত্রের নানা বিষয় নিয়ে কথা বলেন ইয়ামি।
ইয়ামি বলেন, আমি অনেক আগেই একটা জিনিস বুঝতে পেরেছিলাম, যে এমন চরিত্রে কাজ করতে হবে যেখানে অভিনয়ের পাশাপাশি দর্শক হিসেবেও পরে পর্দায় নিজেকে উপভোগ করতে পারি। একই রকমের অনেক কাজই এসেছে আমার কাছে। কিন্তু একই ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের সঙ্গে প্রতারণা করতে পারব না আমি। তাই চরিত্রের ক্ষেত্রে একটু ভিন্ন ধাঁচের কাজই করছি।
চিত্রনাট্য নির্বাচনের ক্ষেত্রে তার স্বামী পরিচালক আদিত্য ধর এর সঙ্গে আলোচনা করেন কি না জানতে চাইলে জবাবে বলেন, চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত আমার নিজস্ব। সেটা ও জানে। তবে ওর সঙ্গে কথা বলার পর একটা নতুন আঙ্গিক খুঁজে পাই আমি। যেটা আমাকে সিদ্ধান্ত নিতে অনেক হেল্প করে।
তিনি আরও বলেন, আমরা একে অপরকে খুব ভালো চিনি। তাই আমার কোন চিত্রনাট্য ভালো লাগছে না বা কোনটা পড়ে আমি পছন্দ করছি, সেটা ও আমাকে দেখলেই বুঝে যায়। আর নিজেদের মধ্যে এই আলোচনাকে আমার কাছে বেশ ভালো লাগে এবং আনন্দায়ক বিষয়।
বর্তমানে ‘লস্ট’ ছবির প্রচারণার কাজেই ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ‘লস্ট’ ছবি মুক্তি পাচ্ছে ১৬ ফেব্রুয়ারি।