প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২১ পিএম
বলিউডের এ মুহূর্ত সবচেয়ে বেশি চর্চা হচ্ছে কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়ে নিয়ে। তবে এর মধ্যে সোশ্যাল মিডিয়াজুড়ে চলছে আরেক গুঞ্জন। বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাহুবলীখ্যাত অভিনেতা প্রভাস ও কৃতি শ্যানন।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যম দাবি করে, কিছুদিনের মধ্যেই এ দুই তারকা বাগদান সারতে চলেছেন। বলিউডের প্রখ্যাত সিনেমা সমালোচক উমর সাধু টুইটারে এই খবর শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘ব্রেকিং নিউজ, কৃতি শ্যানন ও প্রভাস আগামী সপ্তাহেই বাগদান সারছেন। তাদের জন্য ভীষণ খুশি। ওরা দুজনে মালদ্বীপে উড়ে যাবেন।’ যদিও কৃতি বা প্রভাসের টিম এ নিয়ে টুঁ শব্দটি করেনি। তবে বলিপাড়ায় ইতোমধ্যেই জোর কদমে জারি আলোচনা। প্রভাস ও কৃতি নিজেদের সম্পর্ক নিয়েও এযাবৎ মুখ খোলেননি। তবে বলিউডের রটনা ‘আদিপুরুষ’ ছবির সেটে একসঙ্গে শুটিং করতে গিয়েই নাকি কাছাকাছি আছেন দুজনে। হয় প্রেম। যা এবার এগোচ্ছে পরবর্তী ধাপে।
করণ জোহরের টকশো ‘কফি উইথ করণ’-এ প্রথম আঁচ পাওয়া যায় কৃতি-প্রভাসের অফ-স্ক্রিন রসায়ন ঠিক কী রকম! শোর একটি রাউন্ডে প্রভাসকেই প্রথম ফোন করেছিলেন কৃতি। তখনই সবার মনে হতে শুরু করে কিছু তো একটি নিশ্চয়ই আছে…। নিজ নিজ কর্মজীবনে সফল প্রভাস এবং কৃতি শ্যানন। ‘বাহুবলী’র দুটি ছবি ছিল প্রভাসের ক্যারিয়ারের মাইলফলক। এর আগে আনুশকা শেঠির সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে এখন তার মনজুড়ে শুধুই কৃতি। অন্যদিকে কৃতির বলিউডের আগমন একেবারেই নন-ফিল্মি পরিবার থেকে। যদিও এই কয় বছরে বলিউডে পাকাপাকি জায়গা করে নিয়েছেন তিনি। হাতে রয়েছে বেশকিছু ভালো ছবি।
প্রসঙ্গত, তাদের প্রথম ছবি ‘আদিপুরুষ’ তাদের প্রেমের সূত্রপাত হলেও ছবি নিয়ে ইতোমধ্যেই হয়েছে বিস্তর বিতর্ক। কখনও দুর্বল ভিএফএক্স, আবার কখনও-বা মুঘল সম্রাটদের মতো রাবণকে দেখে গর্জে উঠেছিলেন নেটিজেন। পৌরাণিক কাহিনিনির্ভর এই ছবিকে অনেকেই তুলনা করেছিলেন ‘কমেডি’ ছবির সঙ্গে। এ কারণেই এই ছবির মুক্তি আপাতত পিছিয়ে দেওয়া আছে। কিন্তু প্রেম যে পিছিয়ে নেই, তার প্রমাণ পাওয়া যাবে আগামী সপ্তাহেই।