× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশ মাতিয়ে এবার দেশে মুক্তি পাচ্ছে ‘রিকশা গার্ল’

মহিউদ্দিন মাহি

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৩৩ এএম

বিদেশ মাতিয়ে এবার দেশে মুক্তি পাচ্ছে ‘রিকশা গার্ল’

কথা ছিল ২০২০ সালে দেশের হলগুলোতে মুক্তি পাবে সিনেমাটি। পরিকল্পনা অনুযায়ী শুটিং এবং তার পরবর্তী সব কাজ শেষও হয়েছিল। করোনা মহামারির কারণে বদলে যায় পরিকল্পনা। এরপর কেটে গেছে অনেকটা সময়। বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। পেয়েছে প্রশংসা ও পুরস্কার। এটি দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দেশের দর্শকরা। সেই অপেক্ষা এবার ফুরাচ্ছে। দেশের দর্শকের সামনে আসতে চলেছে ছবিটি। আগামী মে অথবা এপ্রিলেই দেশের হলগুলোতে মুক্তি পাবে ‘রিকশা গার্ল’, নিশ্চিত করলেন সিনেমাটির নির্মাতা অমিতাভ রেজা। 

‘আয়নাবাজি’ দিয়ে চলচ্চিত্র নির্মাণে আসেন দেশের বিজ্ঞাপনের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা। সেই সিনেমা দিয়ে বাজিমাত করেছেন তিনি। এরপর তিনি বানিয়েছেন ‘রিকশা গার্ল’। ছবিটির পরিচয় করিয়ে তিনি গণমাধ্যমে বলেছিলেন, ‘রিকশা গার্ল’ বাচ্চাদের সিনেমা। এ পর্যন্ত আমাদের ঝুলিতে যত পুরস্কার এসেছে, এর সবই প্রায় শিশু চলচ্চিত্র উৎসব থেকে। এর মধ্যে জার্মানির ‘স্লিঙ্গেল ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল’ ও ব্রাসেলস ফিল্ম ফেস্টিভ্যাল থেকে পুরস্কার পেয়েছি। ছবিটি মূলত ১০ থেকে ২০ বছর বয়সিদের জন্য বানানো।’ 

এ ছবি নিয়ে দর্শকদের কাছে কেমন প্রত্যাশা জানতে চাইলে তিনি বলেন, ‘আমার এই সিনেমা আগের মতো সফল না হলেও আমার কোনো আপত্তি নেই। সুপারহিট বা জনপ্রিয় তকমাটা আমার কাছে ভালো লাগে না। সিনেমা বানিয়েছি। দর্শক দেখুক, ভালো বলুক। আমাদের সিনেমায় দর্শক তৈরি হওয়া জরুরি, তা আমার সিনেমা দিয়ে যদি কিছুটা হয়, তাহলেই আমি খুশি।’

বিভিন্ন দেশে ইংরেজি ভাষায় প্রদর্শিত হয়েছে ‘রিকশা গার্ল’। তবে বাংলাদেশে মাতৃভাষাতেই মুক্তি পাবে ছবিটি। নির্মাতা বলেন, ‘চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে সিনেমাটির ইংরেজি ভার্সন। আর দেশের জন্য তৈরি করেছি বাংলায়। এর মধ্যে সেটির কাজও শেষ করেছি।

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোরসাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে ছবিটি তৈরি হয়েছে। এর চিত্রনাট্য করেছেন নাফিজ আমিন ও শর্বরী জোহরা আহমেদ। নায়িমা নামের এক কিশোরীকে ভাগ্যক্রমে রিকশা চালানোকে পেশা হিসেবে বেছে নিতে হয়। সেই গল্প উঠে এসেছে সিনেমায়। নায়িমা চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। এ ছাড়া অভিনয়শিল্পী চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ আরও অনেকে অভিনয় করেছেন। সিনেমায় বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত ‘রিকশা গার্ল’ সিনেমার প্রযোজকরা হলেনÑ জিয়াউদ্দিন আদিল, ফরিদুর রেজা সাগর ও এরিক জে অ্যাডামস। 

বিশ্বের প্রথম সারির সিনেমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ‘হয়েটস’ অন্যতম। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ৫০টির বেশি শহরে রয়েছে ‘হয়েটস’–এর শাখা। আর এই ‘হয়েটস’- এ মুক্তি পেয়েছে বাংলাদেশি পরিচালক অমিতাভ রেজা পরিচালিত ‘রিকশা গার্ল’। অস্ট্রেলিয়াভিত্তিক পরিবেশনা প্রতিষ্ঠান এবং সিনেমাটির সহযোগী প্রযোজক বঙ্গজ ফিল্মসের প্রচেষ্টায় গেল বছরের ৮ জুন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাঙালি অধ্যুষিত শহরের প্রেক্ষাগৃহগুলোতে পর্যায়ক্রমে মুক্তি পায় ছবিটি। 

পাশাপাশি গেল বছর শিকাগো ইন্টারন্যাশনাল চিলড্রেনস ফিল্ম ফেস্টিভ্যালে ‘বেস্ট অব ফেস্ট’ পুরস্কার পেয়েছে বাংলাদেশি ‘রিকশা গার্ল’। সিনেমাটি দক্ষিণ আফ্রিকার ডারবান ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবেও আন্তর্জাতিক বিভাগে প্রতিযোগিতা করেছে। এরপর ২০২১ সালের ৯ অক্টোবর উত্তর আমেরিকার উপকূলীয় অঞ্চলের মিল ভ্যালি চলচ্চিত্র উৎসবে, গেল বছরের ৫ মে নিউইয়র্কের ম্যানহাটনের বিখ্যাত মুভি থিয়েটার ‘ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকা’-তে প্রদর্শিত হয় এ সিনেমা। এ ছাড়াও যুক্তরাষ্ট্রের ‘প্রেসকট ফিল্ম ফেস্টিভ্যাল’, জার্মানির ‘স্লিঙ্গেল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’সহ বিশ্বের বিভিন্ন দেশে পুরস্কৃত হয়েছে এবং চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এবার দেখা যাক নিজ ভূমে কতটা সাফল্যে রঙিন হতে পারে ‘রিকশা গার্ল’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা