× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে পূর্ণিমার অভিষেক

সৌম্য প্রীতম

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৪১ এএম

ঈদে পূর্ণিমার অভিষেক

একটা সময় ছিল যখন শত শত হলে ঈদে মুক্তি পেত তার সিনেমা। ভক্তরা অপেক্ষা করতেন সেইসব সিনেমার। আগেভাগেই সংগ্রহ করতেন নানা তথ্য। প্রেক্ষাগৃহে সিনেমার সেই জৌলুস আর নেই। চিত্রনায়িকা পূর্ণিমাও এখন আর সিনেমায় আগের মতো নিয়মিত নন।

অনেকদিন হয় তার কোনো নতুন সিনেমা মুক্তি পায় না। দেখা দেন নাটক-টেলিছবিতে। কখনও আসেন বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে। তবে আসছে রোজার ঈদে নতুন চমক নিয়ে হাজির হবেন তিনি। 

প্রথমবারের মতো পূর্ণিমা অভিনয় করেছেন ওয়েব সিরিজে। এর নাম ‘হোটেল রিলাক্স’। সময়ের সফল নাট্যনির্মাতা কাজল আরেফিন অমি এটি নির্মাণ করেছেন। এটি অমিরও প্রথম নির্মিত ওয়েব সিরিজ। তৈরি হয়েছে বঙ্গর ব্যানারে। প্রতিষ্ঠান নিশ্চিত করেছে, আসছে রোজার ঈদেই মুক্তি দেওয়া হবে ‘হোটেল রিলাক্স’।

গেল জানুয়ারিতে ‘হোটেল রিলাক্স’সিরিজের শুটিং শুরু হয় পুরান ঢাকায়। এই ওয়েব সিরিজে ডিবি পুলিশের চরিত্রে দেখা যাবে পূর্ণিমাকে। প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘আমি প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করেছি। আমার মনে হয়েছে এটি অন্য আট-দশটি গল্পের চেয়ে একটু আলাদা। সবকিছু দেখে-শুনেই এতে যুক্ত হয়েছিলাম। কাজ করে আমি আনন্দ পেয়েছি। এখানে আমার চরিত্রটিও ভিন্ন। সব মিলিয়ে আশা করছি এ সিরিজে আমার চরিত্রটি সবার ভালো লাগবে।’

গত বছরের ২৩ অক্টোবর সিরিজটি নির্মাণের জন্য ‘বঙ্গ’র সঙ্গে চুক্তি স্বাক্ষর হয় পরিচালক অমির। তার সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চিফ অব কনটেন্ট মুশফিকুর রহমান। এরপর গেল মাসে আসে সিরিজটির ঘোষণা। এরইমধ্যে এর কাজ শেষদিকে। চলছে মুক্তির প্রস্তুতি। ‘বঙ্গ’র চিফ অব কনটেন্ট মুশফিকুর রহমান বলেন, ‘দর্শক চাহিদা ও পছন্দের ওপর নির্ভর করে সেরা কন্টেন্ট উপহার দেবার চেষ্টা বঙ্গ সব সময়ই করে আসছে। আর সেই ইচ্ছে থেকেই বঙ্গ রোজার ঈদে নিয়ে আসছে কাজল আরেফিন অমির প্রথম ওয়েব সিরিজ ‘হোটেল রিলাক্স’। যেখানে দর্শকরা যেমন দেখতে পাবেন তাদের প্রিয় ব্যাচেলর পয়েন্ট তারকাদের ঠিক তেমনি প্রথমবারের মতো বিশেষ চরিত্রে ওয়েব সিরিজটিতে থাকছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা।’

প্রথমে জানা গিয়েছিল ৬ পর্বের ওয়েব সিরিজ হবে ‘হোটেল রিলাক্স’। তবে বঙ্গ থেকে নিশ্চিত করা হয়েছে দর্শক সিরিজটি উপভোগ করতে পারবেন ২০টি পর্বে। 

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক নির্মাণ করে আলোচনায় আসা কাজল আরেফি অমি এ সিরিজ দিয়ে অভিষিক্ত হতে যাচ্ছেন ওয়েব দুনিয়ায়। ‘হোটেল রিলাক্স’ নিয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমার ক্যারিয়ারে সেরা কাজ হতে যাচ্ছে এটি। যারা আমার নতুন কাজের অপেক্ষায় আছেন তারা নিরাশ হবেন না আশা করছি। এই সিরিজে জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা ছাড়াও অভিনয় করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’টিমের সদস্যরা।’

সিরিজের গল্প নিয়ে তিনি বলেন, ‘বর্তমানে নির্মিত বেশিরভাগ ওয়েব সিরিজই থ্রিলারধর্মী। ওয়েবের দর্শকরা থ্রিলার গল্প দেখে দেখে অভ্যস্ত। আমি দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই। আমি যেটা বানানোর চেষ্টা করেছি হয়তো এই ধরনের গল্প আগে দেখেননি দর্শক।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা