প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২৫ এএম
অনুষ্ঠিত হলো ৬৫তম ‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’। তারকাখচিত এই অনুষ্ঠান মূলত সংগীত জগতের প্রতিভাবানদের উদযাপনের দিন। একদিকে যেমন ৩২টি গ্র্যামি পুরস্কার পেয়ে ইতিহাস তৈরি করলেন তারকা সংগীতশিল্পী বিয়ন্সে, অন্যদিকে তৃতীয় গ্র্যামি পুরস্কার ঘরে আনলেন ভারতীয় কম্পোজার রিকি কেজ।
তার সাম্প্রতিক অ্যালবাম 'ডিভাইন টাইডস' পেল পুরস্কার। এই পুরস্কার ভাগ করে নিলেন 'দ্য পোলিস' নামক কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ডের ড্রামার স্টুয়ার্ট কোপল্যান্ডের সঙ্গে যিনি এই অ্যালবামে কেজের সঙ্গে কাজ করেছেন। এছাড়া হ্যারি স্টাইলস 'বেস্ট পপ ভোকাল অ্যালবাম' বিভাগে গ্র্যামি পেলেন তার ‘হ্যারিজ হাউজ’অ্যালবামের জন্য। অন্যদিকে 'বেস্ট মিউজিক ভিডিও' বিভাগে 'অল টু ওয়েল : দ্য শর্ট ফিল্ম'-এর জন্য গ্র্যামি পেলেন টেইলর সুইফট।
এছাড়া 'সং অফ দ্য ইয়ার' বিভাগে পুরস্কার পেয়েছেন বনি রাইট 'জাস্ট লাইক দ্যাট'-এর জন্য। 'বেস্ট র্যাপ অ্যালবাম' বিভাগে পুরস্কৃত হলেন কেন্ড্রিক লামার তার 'মিস্টার মরাল অ্যান্ড দ্য বিগ স্টেপার্স' অ্যালবামের জন্য। 'বেস্ট মিউজিক আরবানা অ্যালবাম' বিভাগে জিতেছেন ব্যাড বানি 'আন ভেরানো সিন টি'র জন্য। 'বেস্ট আর অ্যান্ড বি সং' পেল বিয়ন্সের 'কাফ ইট'। 'বেস্ট পপ ভোকাল অ্যালবাম' পেল হ্যারি স্টাইলসের 'হ্যারিজ হাউজ'। 'বেস্ট পপ ডুও / গ্রুপ পারফর্ম্যান্স' বিভাগে জিতলেন স্যাম স্মিথ ও কিম পেত্রাস তাদের 'আনহোলি'র জন্য। 'বেস্ট কান্ট্রি অ্যালবাম' বিভাগে 'গ্র্যামি' পেলেন উইলি নেলসন তার 'এ বিউটিফুল টাইম' অ্যালবামের জন্য। এ বছর র্যাপ গানের ৫০ বছর পূর্তি
উপলক্ষে গ্র্যামির মঞ্চে ছিল বিশেষ পারফর্ম্যান্স। এ আয়োজনে বিশ্বখ্যাত বিভিন্ন র্যাপার একসাথে মিলে একটি পারফর্ম্যান্স করেন।
এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডের মূল অনুষ্ঠান শুরু হয় গতকাল লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় রবিবার বিকাল ৫টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টা)। কমেডিয়ান ট্রেভর নোয়াহ তৃতীয়বারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনা করেন।