বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২২ ১৪:২০ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২২ ১৪:৫২ পিএম
মাহমুদ দিদার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের নতুন সিনেমা ‘বিউটি সার্কাস’। অনেকদিন হয়ে গেল ছবিটি নির্মাণ হয়েছে। একঝাঁক তারকা এতে অভিনয় করেছেন। ফলে এর মুক্তি নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন সিনেমাপ্রেমীরা। কবে প্রেক্ষাগৃহে আসবে তারকাবহুল ছবিটি?
পরিচালকের কাছে জানতে চাইলে তিনিও চূড়ান্ত তারিখ বললেন না। বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ছবিটি মুক্তিকে কেন্দ্র করে প্রচারণা। ‘বিউটি সার্কাস’ কবে আসছে? এমন প্রশ্ন সংবলিত একটি প্রমোশনাল ভিডিও প্রকাশ করা হয়েছে চ্যানেল আই, ‘বিউটি সার্কাস’ ছবির টিমের সদস্যদের ফেসবুক আইডি ও পেজে।
ভিডিওটি শেয়ার করা হয়েছে চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ফেসবুক পেজেও।
দেশের আবহমান সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ সার্কাস শিল্প। এ শিল্পকে ঘিরে এক নারীর রোমাঞ্চকর লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত বিউটি সার্কাস। নানান চড়াই-উতরাই পেরিয়ে মুক্তির মিছিলে এসে দাঁড়িয়েছে। পরিচালক মাহমুদ দিদার বলেন, খুব শিগগির মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হবে।
সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রটিতে জয়া আহসানের বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ ও এ বি এম সুমনকে। এতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত মনিসা অর্চি প্রমুখ।
প্রবা/এলএ /এসআর