মহিউদ্দিন মাহি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২১ পিএম
আশির দশকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদে ঘটে যাওয়া কঠিন বাস্তবতা আর জীবনবোধের গল্পে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘আদম’। আবু তাওহীদ হিরণের পরিচালনায় এ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মিস বাংলাদেশখ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী ও স্বপ্নজালখ্যাত ইয়াশ রোহান।
‘আদম থাইকা আদম সন্তান কেউ ফেরেশতা কেউবা শয়তান’ ট্যাগ লাইনের সিনেমাটির মহরত হয় ২০১৯ সালের জুলাই মাসে। সে বছরেরই ২৯ আগস্ট শুরু হয় ছবিটির শুটিং। এরপর কেটে গেছে সাড়ে তিন বছর। আজও মুক্তির মুখ দেখেনি ‘আদম’। নেই কোনো আলোচনাতেও।
খোঁজ নিতে গিয়ে জানা গেল, চলতি বছরই ছবিটি মুক্তি পাবে। আসছে রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহগুলোতে দেখা যাবে ‘আদম’। ছবির পরিচালক আবু তাওহীদ হিরণ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘আমার স্বপ্নের প্রজেক্ট ‘আদম’। নানা কারণে ছবিটি মুক্তি দিতে দেরি হয়েছে। মহামারি করোনার জন্য সময়মতো শুটিং শেষ করা যায়নি। তবে সব কাজ গুছিয়ে এনেছি। সেন্সর ছাড়পত্রও পেয়েছি। এখন শুরু করব প্রচার। সবকিছু ঠিক থাকলে আগামী রোজার ঈদে ছবিটি মুক্তি দিতে চাই।”
ছবিটি গেল বছরের নভেম্বরে সেন্সর বোর্ড থেকে মুক্তির জন্য আনকাট ছাড়পত্র পায়। সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন বলে দাবি করেন পরিচালক হিরণ।
‘আদম’ ছবিতে অভিনয় করেছেন বরেণ্য অভিনয়শিল্পী রাইসুল ইসলাম আসাদ, মুনিরা মিঠু, শহীদুজ্জামান সেলিম, আফফান মিতুল, অ্যালেন শুভ্র। তবে আকর্ষণের আলোতে থাকবেন মিস বাংলাদেশখ্যাত ঐশী, ‘স্বপ্নজাল’খ্যাত ইয়াশ রোহানরা। ঐশীর এটি দ্বিতীয় সিনেমা। ‘আদম’র আগে তিনি ‘মিশন এক্সট্রিম’ ছবিতে অভিনয় করেন। সেই ছবির দুটি সিক্যুয়েল এরই মধ্যে মুক্তি পেয়েছে। তবে ঐশীর কাছে ‘আদম’ ছবিটি অনেক বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে। এখানে তিনি হাজির হবেন আশির দশকের গ্রামীণ এক মেয়ের চরিত্রে, যে চরিত্রে নিজেকে তৈরি করতে বেশ প্রস্তুতি নিতে হয়েছে তাকে। ঐশী বলেন, ‘এই ছবিটি আমার ক্যারিয়ারের জন্য একটি চ্যালেঞ্জ। ছবিতে আমার চরিত্রটির নাম সাজিয়া। এ চরিত্রটি আমার জন্য একেবারে নতুন। গল্প পড়ে বুঝেছি, আমি যে পরিবেশে বড় হয়েছি, যে পরিবেশের মধ্যে পথ চলেছি তার সঙ্গে কোনো মিল নেই। আমার চরিত্রটি একেবারে অজপাড়াগাঁয়ের। এমন চরিত্র এর আগে আমি করিনি। ফলে চরিত্রটা করতে ভালোই লেগেছে। জীবনের অনেক কঠিন বাস্তবতাকে উপলব্ধি করেছি। এ চলচ্চিত্রটিতে অভিনয়ের সুযোগ দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি নির্মাতার প্রতি। ছবিটি নিয়ে আমার প্রত্যাশা অনেক। এ জন্য ভয় ও আনন্দ দুটোই অনুভব করছি।’
‘সবাই মিলে অনেক পরিশ্রম করে সিনেমাটিতে কাজ করেছি। অপেক্ষা করছি মুক্তির। সব শ্রম সফল হবে দর্শকের কাছ থেকে সাড়া পেলে’ যোগ করেন অভিনেত্রী।
ছবিটি নিয়ে আশাবাদী ইয়াশ রোহানও। ‘স্বপ্নজাল’ ও ‘পরাণ’ দিয়ে সিনেমার আলোচিত এ অভিনেতা ‘আদম’ ছবিতে হাজির হবেন নতুন চরিত্র নিয়ে। তিনি বলেন, ‘আমি ছবিটি মুক্তির অপেক্ষায় আছি। চমৎকার একটি গল্পের সিনেমা ‘আদম’। চরিত্রগুলোও মন ছুঁয়ে যাওয়ার মতো। আমি নিজের চরিত্রটি ফুটিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করেছি। আমার বিশ্বাস দর্শক এ ছবি দেখে নিরাশ হবেন না।’
ছবির গানগুলোতেও চমক থাকবে বলে জানান পরিচালক হিরণ। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করছেন মুসফিক লিটু। এর টাইটেল গানের কথা লিখেছেন মাসুদ পারভেজ। গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন নাজির মাহমুদ। এ ছাড়াও নব্বই দশকে সিনেমার তুমুল জনপ্রিয় ‘কাঙ্কের কলসি’ গানটি নতুন আয়োজনে ব্যবহার করা হয়েছে ‘আদম’ সিনেমাতে। কণ্ঠ দিয়েছেন দুই ক্লোজআপ ওয়ান তারকা রাজীব ও লিজা। সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। পর্দায় এ গানে অভিনয় করবেন জান্নাতুল ফেরদৌস ঐশী ও ইয়াশ রোহান। পরিচালক হিরণ জানান, এ গানের শুটিংয়ের মাধ্যমে ‘আদম’র শুটিং শেষ হয়েছে। এই গান নিয়েও বেশ আশাবাদী ইয়াশ রোহান ও ঐশী। তাদের মতে, গানটি নতুন করে আলোচনায় আসবে ‘আদম’ সিনেমা দিয়ে।
মাসুদ পারভেজের সংলাপ ও আবু তাওহীদ হিরণের রচনায় এবং চিত্রনাট্য ছবিটি প্রযোজনা করেছেন তামিম হোসেন।