× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন সিরিজের শুটিং নিয়ে হইচই

মহিউদ্দিন মাহি

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৮ পিএম

 তিন সিরিজের শুটিং নিয়ে হইচই

ওটিটির হাত ধরে জোয়ার এসেছে শোবিজে। বেড়েছে নির্মাণ। দেশি-বিদেশি নানা প্ল্যাটফর্ম সরব রয়েছে। এসব প্ল্যাটফর্ম থেকে গেল কয়েক বছরে বহু আলোচিত ওয়েব ফিল্ম ও সিরিজ মুক্তি পেয়েছে। তার মধ্যে কিছু কিছু পেয়েছে দর্শকপ্রিয়তা। এ তালিকায় এগিয়ে ভারতের বাংলা কন্টেন্টভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’। এ প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের অনেক নির্মাতা ও শিল্পী তাদের সামর্থ্য ও মুনশিয়ানা প্রদর্শন করেছেন। যেখানে ‘তাকদির’, ‘মহানগর’, ‘কারাগার’, ‘কাইজার’ সিরিজগুলো উল্লেখযোগ্য। এসব সিরিজে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আফরান নিশোরা চমক দেখিয়েছেন। অভিনেত্রী আজমেরী হক বাঁধন দুই বাংলায় প্রশংসা কুড়িয়েছেন সৃজিত মুখার্জির ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ সিরিজ দিয়ে

হইচই নতুন করে চলতি বছরে ঘোষণা দিয়েছে আরও আটটি নতুন ওয়েব সিরিজের। এ সিরিজগুলোর মধ্যে আশফাক নিপুণ নির্মাণ করছেন ‘এ কমন ম্যান’ ও ‘মহানগর ২’ ওয়েব সিরিজ। অনম বিশ্বাস নির্মাণ করেছেন ‘রঙ্গিলা কিতাব’, সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ নির্মাণ করেছেন ‘মিশন হান্টডাউন’, তানিম নূর নির্মাণ করছেন ‘কাইজার টু’, সাফায়েত মনসুর রানা নির্মাণ করছেন ‘অদৃশ্য’, তানিম রহমান অংশু নির্মাণ করছেন ‘বুকের মধ্যে আগুন’ আর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় নির্মাণ করছেন ‘ডেল্টা ২০৫১’। সিরিজগুলো এরই মধ্যে দর্শকের আগ্রহে রয়েছে।

এর মধ্যে বিগ বাজেটে নির্মিত ‘ডেল্টা ২০৫১’ সিরিজটি বেশ চমক নিয়ে আসতে চলেছে বলে জানা গেল। এর প্রযোজনার সঙ্গে যুক্ত আছেন সাঈদ আহমেদ সাওকী। তিনি জানান, কোরবানি ঈদ সামনে রেখে ওয়েব সিরিজটির শুটিংয়ের প্রস্তুতি চলছে। রোজার ঈদের পর এর দৃশ্যায়ন হবে। দেশের বিভিন্ন লোকেশনে নির্মিত হবে সিরিজটি। এটি নির্মাণ করবেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। এতে বিভিন্ন চরিত্রে দেখা যাবে আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, রওনক হাসানসহ অনেককেই। সাওকী বলেন, ‘মশিউল আলম রচিত প্রিসিলা উপন্যাস অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে অরিজিনাল সিরিজ ডেল্টা ২০৫১; যেখানে দুটি ভিন্ন সময়ের গল্প দেখানো হবে। এটি ভবিষ্যতের বাংলাদেশের গল্প, যেখানে দেখানো হবে খুব সামান্য একটি ঘটনা কীভাবে বাটারফ্লাই ইফেক্টের জন্ম দিয়ে মানুষের জীবনপ্রবাহ বদলে দিতে পারে।’

তিনি আরও বলেন, ‘সিরিজটি অনেক বড় পরিসরে নির্মিত হতে যাচ্ছে। এ সিরিজ আমাদের বাংলা ভাষার দর্শকের জন্য একটি নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে বলে প্রত্যাশা করছি। এখানে চিত্রনাট্য থেকে এর সংলাপ ও চরিত্রগুলোতে নতুনত্ব থাকবে।’

সাওকী প্রযোজক হিসেবে যুক্ত আছেন হইচইয়ের জনপ্রিয় সিরিজ ‘কাইজার’-এর দ্বিতীয় সিজনের সঙ্গেও। এটি ঈদুল আজহায় মুক্তি পাবে। পরিচালনা করছেন তানিম নূর। এ সিরিজের শুটিংও শুরু হবে রোজার ঈদের পর। এরই মধ্যে চিত্রনাট্য গোছানো হচ্ছে। এতে প্রথম পর্বের মতো একজন গেমার-ডিটেকটিভ কাইজারের চরিত্রে আফরান নিশোকেই দেখা যাবে। কী হবে কাইজারকে যদি খুনের দায়ে ফাঁসিয়ে দেওয়া হয়, সে জটই খুলবে দ্বিতীয় সিজনে। এ কিস্তি দিয়েই কাইজারের গল্পের অবসান হবে, নাকি আরও নতুন গল্প আসবে? এর জবাবে সাওকী বলেন, ‘এ বিষয়ে আমরা এখনও সিদ্ধান্ত নিইনি। আপাতত কাইজার ২ নিয়েই কাজ করছি। এ কাজটি ভালোভাবে সবাই মিলে শেষ করতে চাই।’

এদিকে জানা গেল, প্রায় ৭০ ভাগ শুটিং শেষ হয়েছে মোশাররফ করিম অভিনীত আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর’-এর দ্বিতীয় পর্বের। প্রথম পর্বের মতো এবারও চমক জাগানিয়া সংলাপ নিয়ে হাজির হবে ওসি হারুন। থাকবে গল্প ও চরিত্রের বৈচিত্র্যও। ‘মহানগর ২’ নামে সিরিজটি মুক্তি পাবে আসছে রোজার ঈদে। তবে সিরিজটির পরিচালক আশফাক নিপুণ জানালেন, এখনও সিরিজটির শুটিং শুরু করেননি তিনি। এই নির্মাতা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমরা শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির শেষ দিকে শুটিং শুরু করব।’ সিরিজটির দ্বিতীয় পর্বে দেখানো হবে ওসি হারুন যে জটিলতা তৈরি করেছেন সেসব থেকে কীভাবে তিনি নিজেকে রক্ষা করবেন সেই গল্প।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা