প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫৩ পিএম
ক্যারিয়ারের সুন্দরতম সময় কাঁটাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ২৫ জানুয়ারি তার 'পাঠান' সিনেমাটি মুক্তির পর একরকম উড়ছেন তিনি। সহশিল্পীদের নিয়ে উপভোগ করছেন সিনেমাটির সফলতা। এবার 'পাঠান' সিনেমার সাফল্যের পার্টি শেষে কাজে ফেরার পালা।
সম্প্রতি শাহরুখ খান তার আসন্ন সিনেমা জাওয়ানের শুটিং শুরু করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য মতে বুধবার জাওয়ান সিনেমার শুটিং সেটে ফিরেছেন তিনি। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তার বেশকিছু নতুন লুকের ছবি। যেখানে তাকে দেখা যায়, পড়নে কালো শার্ট, উসকোখুসকো চুল এবং সারা মুখ প্যাঁচানো ব্যান্ডেজ। ছবিটি সার্কিন নেপাল নামে একজন টুইট করেন। এরপর মুহুর্তেই ছবিটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যেম।
ছবিটি শেয়ার করে সার্কিন নেপাল লেখেন, ‘কাজের প্রতি তার ভালোবাসা যে কোনও অভিনেতার থেকে ১০০ গুণ বেশি। এই বয়সে এসে কাজের প্রতি তার যে গুরুত্ব, সেটি যে কাউকে মুগ্ধ করবে। আরও একটি ব্লকবাস্টারের অপেক্ষায় আমরা।’
অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’ সিনেমাটির শুটিং শুরু হয় ২০২১ সালে। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটির শুট করা হয়েছে। এ বছরের ২ জুন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন দক্ষিণ ভারতীয় সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়া দক্ষিণের খ্যাতিমান অভিনেতা বিজয় সেতুপতি ভিলেন হিসেবে অভিনয় করবেন। তামিল সুপারস্টার থালাপতি বিজয়কেও দেখা যাবে বিশেষ চরিত্রে।