প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০০ পিএম
দেশের জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা চয়নিকা চৌধুরী। ছোটপর্দায় দীর্ঘদিন কাজ করলেও বড়পর্দার সঙ্গে প্রথম পরিচয় হয় ২০২০ সালে। ‘বিশ্বসুন্দরী’ শিরোনামে প্রথম সিনেমা নির্মাণ করে তাক লাগিয়ে দেন তিনি। তার প্রথম সিনেমা সাতটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়।
এরপর ২০২২ সালে দ্বিতীয় সিনেমার শুটিং শুরু করেন তিনি। নাম ‘প্রহেলিকা’। এ সিনেমা দিয়ে তিনি চমক হিসেবে অভিনেতা মাহফুজ আহমেদ ও অভিনেত্রী শবনম বুবলীকে জুটিবদ্ধ করেন।
সিলেটের বিভিন্ন লোকেশনে শুটিং হয় সিনেমার। ইতোমধ্যে সিনেমার শুটিং শেষ করেছেন। শিগগিরই এটি জমা পড়বে সেন্সরে। সেই সঙ্গে সিনেমার মুক্তি উপলক্ষে প্রচারণাও শুরু করেছেন তিনি। ৪ ফেব্রুয়ারি ‘প্রহেলিকা’ সিনেমার গান মুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হতে যাচ্ছে বলে প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেন চয়নিকা। তিনি বলেন, ‘সিনেমার শুটিং আরও আগেই সম্পন্ন করেছি। আমাদের এডিটিংয়ের কাজও শেষ প্রায়। আগামী ৪ ফেব্রুয়ারি সিনেমার গান মুক্তি দেব। মুক্তির আগে আগে প্রচারণা শুরু হবে এই গান দিয়েই।’
কবে সিনেমাটি মুক্তি দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আগে গান মুক্তি দিয়ে দর্শক প্রতিক্রিয়াটা বুঝি। এরপর সিনেমা মুক্তির বিষয় নিয়ে চিন্তা করব। তবে চলতি বছরই সিনেমাটি মুক্তি দেব।’
মাহফুজ-বুবলী জুটিকে দর্শক গ্রহণ করবে বলেও আশাবাদী এই নির্মাতা।
এদিকে ‘প্রহেলিকা’ নিয়ে আশাবাদী সিনেমার নায়িকা শবনম বুবলী। তিনি বলেন, এই সিনেমার গল্পটি ব্যতিক্রম। দর্শক উপভোগ করবেন। চয়নিকা চৌধুরী যত্ন নিয়ে ছবিটি বানিয়েছেন। দর্শক প্রতি দৃশ্যে সেই যত্নের ছাপ পাবেন। পাশাপাশি আমার প্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ভাইয়ের সঙ্গে এ ছবিতে জুটি হয়ে কাজ করেছি। সব মিলিয়ে ‘প্রহেলিকা’ আমার কাছে বিশেষ একটি কাজ। ৪ ফেব্রুয়ারি ছবির প্রথম গান আসছে। আশা করছি গানটি ভালো লাগবে সবার।
‘প্রহেলিকা’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার।