× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় ‘নোনা পানি’ ছবির প্রিমিয়ার

শেখ হেদায়েতুল্লাহ

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২৯ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫৩ পিএম

খুলনায় ‘নোনা পানি’ ছবির প্রিমিয়ার

খুলনার জীবনযাত্রা, পরিবেশ ও প্রকৃতি নিয়ে নির্মিত প্রথম চলচ্চিত্র ‘নোনা পানি’। ৩ ফেব্রুয়ারি খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকাল ৪টায় ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল বুধবার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সূচনা বক্তব্য দেন লেখক-সাংবাদিক গৌরাঙ্গ নন্দী। ছবিটির বিস্তারিত তুলে ধরেন চলচ্চিত্রটির পরিচালক সৈয়দা নিগার বানু। 

ছবির অভিনেতা রুবল লোদীসহ অন্য অভিনেতা-অভিনেত্রীরাও নিজেদের অনুভূতি জানান ‘নোনা পানি’ নিয়ে। বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরাম প্রযোজিত ও বেঙ্গল ক্রিয়েশনস পরিবেশিত চলচ্চিত্রটি খুলনায় প্রিমিয়ার শোয়ের পর দেশব্যাপী বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে বলে জানান পরিচালক।

এ ছবির গল্পে দেখা যাবে ২৮ বছর বয়সি স্বামীপরিত্যক্তা রোম্বা আইলার শিকার। জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়ে সে তার ছোট পরিবার নিয়ে ভাগ্য পরিবর্তনের আশায় অন্যদের মতো অভিবাসিত হয়েছে জাবুসা গ্রামে। কিছুদিন হলো রোম্বার প্রতিবেশীর সাত মাসের মেয়েটিকে রাতের বেলা মঙ্গার পাড় থেকে বাঘডাঁশ ধরে নিয়ে গেছে। এ নিয়ে রোম্বার মন খারাপ। তারপরও হিংস্র পশুর ভয় পেলে তার সংসারের হাঁড়ি চলে না। রোম্বার দুশ্চিন্তা নিজের আট বছরের ছেলে সোহাগকে নিয়ে। তর তর করে বেড়ে উঠছে সে। কিন্তু এই অজপাড়াগাঁয়ে সোহাগের ভবিষ্যৎ কী? সোহাগের একটি হিল্লে করে দেবে এই আশায় রোম্বা এমনকি ধনু মাঝিকে ঘরে তুলতেও দ্বিধা করেনি। 

৪০ বছরের রহস্যময় চরিত্র দশপাই। মন্দিরের পাশেই একটি পরিত্যক্ত ঘরে বাস করে সে। বাইরের জগতের সঙ্গে যোগাযোগের তার একমাত্র মাধ্যম রেডিও। অনির্ণেয় লিঙ্গ-পরিচয়ের জন্য পুরুষ সমাজে তার প্রবেশাধিকার নেই। দশপাই একদিন মন্দিরে ঢুকবে। ফিরে পেতে চাইবে জন্মপরিচয়। তার জন্য যেকোনো মূল্য দিতে নিজেকে প্রস্তুত করে সে। 

এদিকে ২৫ বছর বয়সি কৃষ্ণা যাত্রাদলের পার্শ্বচরিত্রের অভিনেত্রী। যাত্রাদলে অলিখিত চুক্তি মেনে তাকে দলের ম্যানেজারের ভোগের শিকার হতে হয়। রোম্বা, দশপাই ও কৃষ্ণারা তাদের নিঃসঙ্গতা, অসহায়ত্ব, জেদ আর টিকে থাকার লড়াইয়ের সূত্রে পরস্পরের সঙ্গে সম্পর্কিত। তারা সবাই চায় জাবুসা গ্রামে তাদের স্থায়ী ভবিষ্যৎ; তার চেয়েও হয়তো বেশি করে চায় নিজেদের আত্মপরিচয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা