প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ১৫:৪১ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩ ১৫:৫১ পিএম
রাজধানীর মিরপুরে শুটিং করতে গিয়ে বিস্ফোরণে মারাত্মক দগ্ধ হওয়া অভিনেত্রী শারমিন আঁখির অবস্থা অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকরা জানান, হাসপাতালের এইচডিইউতে রেখেই চলছে চিকিৎসা। এখনও তার অবস্থার কোনো উন্নতি হয়নি।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন উপস্থিত সাংবাদিকদের জানান, ‘আঁখির অবস্থা গত দুই দিনের মতোই আজও একই রকম আছে। অবস্থার তেমন উন্নতি হয়নি।
হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আরও জানানো হয়, ‘শারমিন আঁখির শ্বাসনালিসহ শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। তার ইনহালেশন বার্ন রয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। আমরা নিয়মিত ফলোআপের ওপর রাখছি। তার সব ধরনের চিকিৎসা চলছে।’
দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে অভিনয় করছেন শারমিন আঁখি। শুরুতে বেশ কিছু কাজের মধ্যে উল্লেখযোগ্য ২০১০ সালে নার্গিস আক্তারের ‘ভালোবাসা কী করে ভালো হয়’ নাটকে অভিনয়। পরে নাটক, বিজ্ঞাপন, স্বল্পদৈর্ঘ্য সিনেমা ও মডেলিং শুরু করেন। ২০১৮ সালে নাম লেখান সিনেমায়। প্রথম সিনেমা ছিল ‘ইতি, তোমারই ঢাকা’। এ সিনেমার ১১ জন নির্মাতার ১১টি গল্পের মধ্যে ‘জিন্নাহ ইজ ডেড’-এ অভিনয় করে প্রশংসা পান আঁখি। পরে তিনি নাম লেখান, ‘কোনো এক কালে’, ‘জাস্ট এ জোক ডার্লিং’সহ বেশ কিছু সিনেমায়। গত বছর শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ওয়েব সিরিজ ‘বলি’তে পতিতার চরিত্রে তিনি দারুণ অভিনয় করেন।
আঁখির বেড়ে ওঠা চট্টগ্রামে। সেখানে মঞ্চনাটকের দল ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’-এ অভিনয়ে হাতেখড়ি। এ দলের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ উপন্যাস অবলম্বনে নাটকের বসন্ত চরিত্রে অভিনয় করে প্রশংসা পান তিনি। এর পরই অভিনয়ে তার ঝোঁক বাড়ে।