প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ১৫:৩৬ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩ ১৫:৪৩ পিএম
‘অনন্যা সাহিত্য পুরস্কার-১৪২৯’ পাচ্ছেন কবি, কথাসাহিত্যিক ও সাংবাদিক শাহনাজ মুন্নী
গল্প, উপন্যাস ও কবিতায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ‘অনন্যা সাহিত্য পুরস্কার-১৪২৯’ পাচ্ছেন কবি, কথাসাহিত্যিক ও সাংবাদিক শাহনাজ মুন্নী। ৪ ফেব্রুয়ারি বেলা ১১টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন কথাসাহিত্যিক, মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কথাসাহিত্যিক হামীম কামরুল হক। সভাপতিত্ব করবেন পাক্ষিক অনন্যা ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন।
শাহনাজ মুন্নীর জন্ম ১৯৬৯ সালের ৬ ফেব্রুয়ারি। একদিকে অস্থির, অন্যদিকে জাদুময় সময় তখন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে উচ্চতর শিক্ষা গ্রহণের পর পেশা হিসেবে বেছে নেন টেলিভিশন সাংবাদিকতা।
শাহনাজ মুন্নী তার কবিতায় ক্রুদ্ধ এক অন্ধকারের গল্প বলেছেন, হেঁটেছেন হৃদয়ঘরের বারান্দায়। কলমের মাধ্যমেই সৃষ্টি করেছেন নতুন ভুবন। এই বিশাল পথে তার সঙ্গী শুধুই শব্দ।
সামাজিক ঘটনাবলি তাকে আলোড়িত করে। সেই তাগাদা থেকে শাহনাজ মুন্নী একের পর এক লিখে চলেন গল্প, কবিতা, উপন্যাস, শিশুসাহিত্য ও প্রবন্ধ। এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ২১। উল্লেখযোগ্য বই হলো—‘এল ক্রুদ্ধ অন্ধকার’, ‘বাদুড় ও ব্র্যান্ডি’, ‘তৃতীয় ঘণ্টা পড়ার আগেই’, ‘পান সুন্দরী’, ‘নির্বাচিত গল্প’, ‘আমি আর আমিন যখন আজিমপুরে থাকতাম’। অমর একুশে গ্রন্থমেলা-২০২৩-এ মাওলা ব্রাদার্স থেকে প্রকাশ হচ্ছে তার উপন্যাস ‘স্নানের শব্দ’।
বাংলা ১৪০১ (১৯৯৩) সালে অনন্যা সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয়েছে। সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর একজন কৃতি নারী-সাহিত্যিক অথবা সাহিত্য-গবেষককে এ পুরস্কার দেওয়া হয়।