বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২২ ১৪:২৯ পিএম
অনেকদিন ধরেই সর্ম্পকে রয়েছেন বলিউড তারকা আথিয়া শেঠি এবং কেএল রাহুল। গত কয়েক মাসে প্রায়ই শোনা যাচ্ছিল যে শীঘ্রই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভারতীয় ক্রিকেট টিমের ভাইস ক্যাপ্টেন কেএল রাহুল ও অভিনেতা সুনীল শেঠির কন্যা অভিনেত্রী আথিয়া শেঠি।
তবে দুজনের কেউই এই বিষয়ে মুখে খোলেননি বা নিশ্চিত করেননি যে তারা সত্যিই বিয়ে করছেন কিনা! এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন সুনীল শেঠি। কবে বিয়ে করছেন আথিয়া ও রাহুল, জানালেন আথিয়ার বাবা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীল শেঠি জানিয়েছেন যে বিয়ে করবেন আথিয়া ও রাহুল। সুনীল বলেন, ‘যখনই আথিয়া ও রাহুল বিয়ের সিদ্ধান্ত নেবে তখনই তারা বিয়ে করবে। রাহুল কিছু শিডিউল মেনে চলে। এখন ওর এশিয়া কাপ আছে, ওয়ার্ল্ড কাপ আছে, সাউথ আফ্রিকা ট্যুর আছে, অস্ট্রেলিয়া ট্যুর আছে। যখন তারা ব্রেক পাবে তখনই বিয়ে করবে। একদিনে তো আর বিয়ে হবে না? এখন বাবা হিসাবে আমি চাই মেয়ের বিয়ে হয়ে যাক। তবে একবার রাহুল কিছুটা অবসর পাক তো ওরা ঠিক করে নেবে যে কবে বিয়ে করবে। আপনি রাহুলের ক্যালেন্ডার দেখে ভয় পেয়ে যাবেন। প্রত্যেকটা ট্যুরের মাঝে এক থেকে দুই দিনের গ্যাপ। এই এক দু’দিনে তো বিয়ে হওয়া সম্ভব নয়। তাই যখন ওরা সময় বের করতে পারবে তখনই বিয়ের পরিকল্পনা করা হবে।’
প্রসঙ্গত, বিগত তিন বছর ধরে সম্পর্কে রয়েছেন আথিয়া শেঠি ও কেএল রাহুল। আথিয়ার এক ঘনিষ্ঠ বন্ধু যিনি নাম প্রকাশে অনিচ্ছুক তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন যে আগামী তিন মাসের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আথিয়া ও রাহুল। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিয়ের তোড়জোড়। ইতিমধ্যেই মুম্বাই এসে আথিয়ার পরিবারের সঙ্গে দেখা করেছে রাহুলের পরিবার। দুই পরিবারের সঙ্গে আথিয়া ও রাহুল সম্প্রতি তাদের নতুন অ্যাপার্টমেন্টও দেখতে গিয়েছিলেন, বিয়ের পর যেখানে সংসার পাতবেন তারা।
শোনা যাচ্ছে যে আগামী তিন মাসের মধ্যেই মুম্বাইয়ে বসতে চলেছে বিয়ের আসর। দুই পরিবারের তরফ থেকেই থাকছে গ্র্যান্ড সেলিব্রেশন। জোর গুঞ্জন যে খুব শীঘ্রই আথিয়া নিজেই সেই খবর শেয়ার করবেন। প্রসঙ্গত, রাহুল ও আথিয়াকে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল আথিয়ার ভাই অর্থাৎ সুনীল শেঠির ছেলে আহান শেঠির প্রথম ছবি ‘তাড়াপ’-এর প্রিমিয়ারে। এছাড়াও রাহুলের সমস্ত আন্তর্জাতিক ট্যুরেই তার পাশে দেখা গেছে আথিয়াকে। এমনকী রাহুলের ম্যাচ দেখতে মাঠেও দেখা গেছে সুনীল শেঠিকে।
প্রবা/এসএস