বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২২ ১৪:১৬ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২২ ১৫:৩১ পিএম
দেশের সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ভক্তরা ভালোবেসে তাকে ঢালিউড কুইন বলে ডাকেন। বর্তমানে এ নায়িকা সরকারি অনুদানে নিজের প্রযোজিত প্রথম ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন। এর মধ্যেই এলো নতুন খবর। আসছে দুর্গাপূজায় মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘ঈশা খাঁ’। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন ডি এ তায়েব। তিনি এতে ঈশা খাঁর চরিত্রে হাজির হবেন।
পূজায় ছবিটির মুক্তির তথ্য নিশ্চিত করেছেন ডি এ তায়েব। তিনি বলেন, “আগামী ৩০ সেপ্টেম্বর দুর্গাপূজা উপলক্ষে মুক্তি দেওয়া হবে ‘ঈশা খাঁ’। অনেক যত্ন করে স্বপ্নের এই সিনেমাটি তৈরি করেছি। আশা করছি দর্শক মুগ্ধ হবেন।”
ছবিটি প্রযোজনা করছে এসজি প্রোডাকশন। পরিচালক ডায়েল রহমান পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য ও সংলাপ তৈরি করছেন।
মোগল শাসন আমলের সরাইলের জমিদার, ভাটি অঞ্চলের শাসক ও বারো ভূঁইয়া তথা প্রভাবশালী বারোজন জমিদারের প্রধান ছিলেন ঈশা খাঁ। তিনি বাংলায় স্বাধীনভাবে জমিদারি স্থাপন করেন। এরপর তৎকালীন গোগল সম্রাট আকবরকে খাজনা বা কর দিতে অস্বীকৃতি জানান। পরে সেটা নিয়ে একের পর এক সংঘর্ষ বাধে। সেই ঐতিহাসিক ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত হয়েছে ‘ঈশা খাঁ’ ছবিটি।
ডিএ তায়েব ও অপু বিশ্বাস ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান, ডন, রেবেকা, আনহা তামান্না প্রমুখ।
প্রবা/এলএ/এমজে