প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩ ১৪:৫৪ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩ ১৫:২৬ পিএম
মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রযোজনা কবি কাজী নজরুল ইসলামের ‘সাপুড়ে’ আশ্রয়ে মানবপ্রেমের অমর উপাখ্যান ‘নীলাখ্যান’-এর ৭০তম মঞ্চায়ন আজ। আনন জামান রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক। আজ জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নাটকটির মঞ্চায়ন হবে।
এতে অভিনয় করেছেন—পলি বিশ্বাস, সম্রাট, রিপন রনি, সবুজ হোসেন, কোনাল আলী সাথী, শাহিনুর প্রীতি, নূর আক্তার মায়া, কানিজ ফাতেমা লিসা, আমিনুল আশরাফ, শিবলী সরকার, স্বপ্নিল, রাকীব হাসান, তারক দাস, মো. আহাদ, রাসেল আহমেদ, পারভীন সরকার, ইকবাল চৌধুরী, মনিরুল আলম কাজল, মো. শাহনেওয়াজ ও মীর জাহিদ হাসান।
মঞ্চের নেপথ্য শিল্পীরা হলেন—মঞ্চ পরিকল্পনা, সুর, সংগীত ও আবহসংগীত পরিকল্পনায় ড. ইউসুফ হাসান অর্ক, আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান, পোশাক পরিকল্পনায় ড. সোমা মুমতাজ, কোরিওগ্রাফি জেরিন তাসনিম এশা, প্রপস পরিকল্পনা ও নির্মাণ হাসনাত রিপন, রূপসজ্জায় শুভাশীষ দত্ত তন্ময়, পোস্টার ও স্মরণিকা ডিজাইন পংকজ নিনাদ, মঞ্চ অধিকর্তা আমিনুল আশরাফ ও প্রযোজনা অধিকর্তা মীর জাহিদ হাসান।
দলের সদস্য মীর জাহিদ হাসান বলেন, ‘কাহিনিটির প্রেক্ষাপট বেদেবহর হলেও কবি নজরুল এ গল্পে এমন একটি সর্বজনীন বীজ ভাসিয়ে দিয়েছেন, যা স্পষ্টতই গোটা মানবকুলের সর্বকালকে ছুঁয়ে যায়। অনতিক্রম্য দুর্মর আকাঙ্ক্ষা আর বিরাট প্রকৃতির তুলনায় মানুষের অসহায়ত্ব তাই কবিকে এমন প্রেমাখ্যান লিখতে কলম ধরায়। কবি আর নাট্যকার তাদের মন্ময়তায়-তন্ময়তায় যে জগৎ রচনা করেন তার থেকেও ভিন্ন কোনো ভাষা অনুসন্ধান করতে হলে বাংলা নাট্যসংগীতের ঐতিহ্যের দ্বারস্থ হতেই হয়। কেননা সেখানেই অনেক কথা না বলেও বলা হয়ে যায়। নীলাখ্যান প্রযোজনায়ও সেই প্রয়াস রয়েছে। শব্দ-সুরের শক্তিতে প্রেম আর মানুষের অসহায়ত্বের মনকথা বলবার জন্যই অভিনেতা-চরিত্ররা অনেকটা গীতলভাবে তাদের প্রকাশ করে।’