প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩ ১২:৩৮ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩ ২১:৪৪ পিএম
বছরের শুরুটা বলিউড সিনেমা ইন্ডাস্ট্রির জন্য স্বপ্নের মতো হয়েছে। প্রথম মাসেই সিনেমা হলে উপচে পড়া ভিড়। কারণ দীর্ঘদিন পর মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা। সঙ্গে আছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া। বিশেষ চরিত্রে আছেন সালমান খানও। স্বভাবত মুক্তির আগে থেকেই ছবিটি নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। বিশ্বের ১০০টি দেশের হাজার হাজার প্রেক্ষাগৃহে এটি মুক্তি পেয়ে ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ডের জন্ম দিয়েছে। অগ্রিম টিকিট বিক্রির হিসাবেও বহু রেকর্ড ভেঙে নতুন করে গল্প তৈরি করেছে ‘পাঠান’।
তো, এতসব কাণ্ড ও সাফল্যের পূর্বাভাস দেওয়া কিং খানের ‘পাঠান’ মুক্তির প্রথম দিনে কত আয় করতে পারল? সেই আলোচনা এখন সবখানে। বলিউডভিত্তিক বিভিন্ন গণমাধ্যম সূত্রে আয়ের তথ্যও পাওয়া গেছে। জানা গেল, মুক্তির প্রথম দিনে শুধু ভারতের হলগুলো থেকে ৫০ কোটি রুপির বেশি আয় ঘরে তুলেছে যশরাজ ফিল্মসের অ্যাকশননির্ভর এই সিনেমাটি।
বুধবার হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে ‘পাঠান’। বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি উদ্বোধনী দিনে বক্স অফিসে রেকর্ড ব্যবসা করেছে।
তবে এটি চূড়ান্ত কোনো তথ্য নয়। ধারণা করা হচ্ছে, প্রথম দিনে আয়ের অংক ৬০ কোটি রুপিও ছাড়াতে পারে। এমনটা হলে প্রথম দিন আয়ের নিরিখে ভারতে প্রথম স্থানে চলে যাবে ‘পাঠান’। বর্তমানে এ তালিকায় সবার ওপরে আছে যশের ‘কেজিএফ টু’। ছবিটি মুক্তির দিন মোট ৫৩.৯৫ কোটি টাকা আয় করেছিল।
মাল্টিপ্লেক্সে আজ পর্যন্ত প্রথম দিন আয়ের নিরিখে সবার আগে ছিল কেজিএফ চ্যাপ্টার ২ (২২.১৫ কোটি), তারপর ‘ওয়ার’ (১৯.৬৭) এবং ‘ঠগস অফ হিন্দুস্তান’ (১৮ কোটি)। যদিও এই সমস্ত রেকর্ডই নাকি ইতোমধ্যে ভেঙে ফেলেছে শাহরুখের ‘পাঠান’। ন্যাশনাল মাল্টিপ্লেক্সগুলোতে প্রথম দিন রাত ৮.১৫ পর্যন্ত শাহরুখের ছবির টিকিট বিক্রি হয়েছে মোট ২৫.০৫ কোটির, এমনটাই বলছে ভারতের বেশকিছু গণমাধ্যম।
‘পাঠান’ দিয়ে প্রত্যাবর্তন করা শাহরুখ খান বুঝিয়ে দিয়েছেন কেন তিনি ভারতের সবচেয়ে জনপ্রিয় মেগাস্টার। কেন তার সিনেমা নিয়ে দুনিয়াজুড়ে এত হইচই। তিনি ক্লান্ত হন কিন্তু থেমে যান না। বরং ‘পাঠান’ নতুন করে বলিউড বাদশাহর নতুন শুরুর আভাস দিয়েছে। অনুমান করা যাচ্ছে, আগামী কয়েক সপ্তাহ বক্স অফিসে রাজত্ব চলবে তারই। শাহরুখ ম্যাজিকই যে বলিউডের সুদিন ফেরাবে তা আবার প্রমাণ করে দিলেন।
বিভিন্ন তথ্য-উপাত্ত ও ট্রেন্ড বলছে, পাঠান সব সিনেমার রেকর্ড ভেঙে দেবে। দর্শকদের অনুরোধে গোটা ভারতের বিভিন্ন অঞ্চলে ৩০০ শো বাড়ানো হয়েছে। ‘পাঠান’ নিয়ে উন্মাদনা এতটাই তুঙ্গে যে, শো টাইম শুরু হচ্ছে সকাল ৭টা থেকে আর শেষ হচ্ছে রাত ১২টারও পর। সব মিলিয়ে ‘পাঠান’ যে দর্শকদের মনে দারুণ জায়গা করে নিয়েছে তা কিন্তু বোঝাই যাচ্ছে।