× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২ জুন আসছে অরুণা বিশ্বাসের 'অসম্ভব'

লিমন আহমেদ

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ১৫:৫৩ পিএম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩ ১৬:২১ পিএম

২ জুন আসছে অরুণা বিশ্বাসের 'অসম্ভব'

দেশের নন্দিত অভিনেত্রী অরুণা বিশ্বাস। অভিনয়ের আলোয় নিজেকে যেমন আলোকিত করেছেন, তেমনি দর্শককে করেছেন মোহিত। লাইট-ক্যামেরার সামনে ক্যারিয়ারের দীর্ঘ সময় পার করেছেন অভিনেত্রী হিসেবে। অভিনয়ের সেই প্রাচীর পেরিয়ে নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে হাত পাকিয়েছেন। নাম লিখিয়েছেন চলচ্চিত্র নির্মাতা হিসেবেও। গেল বছরে তিনি নির্মাণ করেছেন ‘অসম্ভব’ নামের সিনেমা।

প্রায় বছর চারেক আগে সর্বশেষ একটি নাটক নির্মাণ করেছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের এ সদস্য। মুজিববর্ষ উপলক্ষে ২০২০ সালে অরুণা নির্মাণ করেন খণ্ড চলচ্চিত্র ‘ঠিকানা বত্রিশ’। এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য তিনি নিজেই করেছেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অরুণা বিশ্বাস নিজেসহ জয়ন্ত চট্টোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, ম আ সালাম, মুকুল সিরাজ, আশনা হাবিব ভাবনা। ২০২১ সালের শেষদিকে ‘এক আজলা আগুন’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনার পর এবার প্রথমবার নির্মাণ শুরু করেছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সেই সব নির্মাণের দক্ষতা ও অভিজ্ঞতা পুঁজি করে নির্মাণের সবচেয়ে বড় ক্যানভাস চলচ্চিত্রে ক্যাপ্টেনের ভূমিকায় তিনি। নিজের প্রযোজনা সংস্থা যাত্রা ভিশন থেকে ‘অসম্ভব’ নামের ছবিটি তিনি তৈরি করেছেন। মানিকগঞ্জের জাবরা গ্রামে চলচ্চিত্রের ষাট ভাগ দৃশ্য ধারণ হয়েছে। দেশের বিভিন্ন লোকেশনে সেরেছেন বাকি কাজ। ছবির ডাবিং, এডিটিংও শেষ করেছেন। হাতে এসেছে সেন্সর বোর্ডের ছাড়পত্রও। এসব খবর মোটামুটি কম-বেশি সবারই জানা। নতুন তথ্য হলো, অরুণার এই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২ জুন। নির্মাতা নিজে এই তথ্য নিশ্চিত করেছেন। অরুণা বিশ্বাস বলেন, ‘এই সিনেমা নির্মাণের মধ্য দিয়ে আমার অনেক দিনের স্বপ্নপূরণ হয়েছে। প্রয়াত নায়করাজ রাজ্জাক আঙ্কেলের হাত ধরে আমি চলচ্চিত্রে এসেছিলাম। তারপর নিজের ক্যারিয়ার নিজে গড়েছি। প্রতিকূল পরিবেশ, কঠিন প্রতিযোগিতার বেড়াজাল ডিঙিয়েছি। স্বপ্ন দেখেছি একদিন সিনেমা বানাব। অবশেষে সেটি পূরণ হয়েছে। ছবিটি আমি মুক্তি দিতে প্রস্তুত। আমার এই স্বপ্নপূরণের দীর্ঘযাত্রার সঙ্গে জড়িত সবার কাছে কৃতজ্ঞতা ও ভালোবাসা। আজ বাবা বেঁচে থাকলে হয়তো সবচেয়ে বেশি খুশি হতেন। বাবাকে খুব মিস করছি। আমি প্রত্যেক শিল্পীর কাছে, পুরো ইউনিটের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি জুনের ২ তারিখ ছবিটি মুক্তির জন্য চূড়ান্ত করেছি। সবার সহযোগিতা চাই।’ 

ছবিটি কেমন হলো? দর্শক উপভোগ করবে তো? দুটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে আত্মবিশ্বাসের সুরে হাসলেন অরুণা। মুঠোফোনের ওপাশ থেকে ভেসে এলো সেই হাসির সুর। তিনি বলেন, আমি মনে করি একজন চলচ্চিত্র নির্মাতার সবার আগে সৎ হওয়া জরুরি। বিশেষ করে রাষ্ট্রের টাকায় সিনেমা বানাতে গেলে সততা ও দায়িত্ববোধ থাকাটা খুব জরুরি। আমি সেই জায়গা থেকে চেষ্টা করেছি ‘অসম্ভব’ সিনেমাটি নিখুঁতভাবে নির্মাণ করার। অনুদানের সিনেমার ক্ষেত্রে ছবির গল্পকে প্রাধান্য দেওয়া হয়। সেই ভাবনা থেকে ‘অসম্ভব’ ছবির গল্পের আলাদা মেরিট আছে। দর্শক একদম নতুন একটা গল্প পাবেন, পছন্দ হওয়ার মতো কিছু চরিত্র পাবেন। আমার বিশ্বাস, সবাই ছবিটি উপভোগ করবেন।’

ছবিটিতে গায়িকা হিসেবেও হাজির হবেন অরুণা। প্রয়াত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের কথায় এ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন অমিত চ্যাটার্জি। ‘ও পাখি’ শিরোনামের গানটি সিনেমায় অরুণার লিপেই দেখবেন দর্শক। ছবিতে গান গাওয়া প্রসঙ্গে অরুণা বিশ্বাস বলেন, ‘অনেকটা হুট করেই গানটি গেয়েছি। জীবনে এমন সুযোগ আর না-ও আসতে পারে। আমার বিশ্বাস, দর্শক-শ্রোতার ভালো লাগবে গানটি।’

ছবিটি নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে অরুণা বিশ্বাস বলেন, ‘দীর্ঘদিন ধরেই সিনেমা এবং নাটকে অভিনয় করছি। কিছু নির্মাণও করেছি টুকটাক। সেই অভিজ্ঞতার আলোকে ‘অসম্ভব’ নির্মাণের অভিজ্ঞতাও ছিল দারুণ। ইউনিটের সবাই নিজেদের সিনেমা মনে করেই শতভাগ মনোযোগ দিয়ে কাজ করছেন। আমরা সবাই একটি পরিবারের মতো হয়ে কাজ করছি। যেহেতু আমি এতে পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছি, তাই দায়িত্বটা ছিল দ্বিগুণ। সবার দৃশ্য বুঝিয়ে, ক্যামেরা সামলে নিজের অভিনয়টাও করতে হয়েছে। আমার দক্ষ ও আন্তরিক টিমের জন্যই সেটা সহজ হয়েছে। ‘অসম্ভব’ সিনেমা আমাকে অনেক কিছু শিখিয়েছে। অনেক উপভোগ্য অভিজ্ঞতা দিয়েছে। ‘একটা সময় যাত্রাপালা ছিল বিনোদনের একমাত্র মাধ্যম। যাত্রার সেই সুদিন হারিয়েছে। যাত্রাশিল্পীরা হারিয়েছেন পূর্বের সেই মর্যাদা ও সম্মান। অরুণা বিশ্বাস তার সিনেমায় যাত্রাপালার সোনালি দিন ও বর্তমান প্রেক্ষাপটকে তুলে এনেছেন। তার বাবা বিগত শতাব্দীর কিংবদন্তি যাত্রাশিল্পী, অভিনেতা ও পরিচালক অমলেন্দু বিশ্বাস। মা আরেক কিংবদন্তি মঞ্চ ও যাত্রা অভিনেত্রী জ্যোৎস্না বিশ্বাস। বাবা ও মায়ের সূত্রে যাত্রাশিল্পের শান-শওকত খুব কাছ থেকে দেখেছেন অরুণা বিশ্বাস। সেই সব অভিজ্ঞতা তিনি সিনেমায় তুলে আনবেন। ছবিটিতে যাত্রাসম্রাজ্ঞী জ্যোৎস্না বিশ্বাস চরিত্রে জ্যোৎস্না বিশ্বাস নিজেই অভিনয় করছেন।

‘অসম্ভব’ চলচ্চিত্রের মূল গল্প অরুণা বিশ্বাসের ভাই প্রসূন বিশ্বাস মিঠুর এবং সংলাপ রচনা করেছেন যৌথভাবে প্রসূন বিশ্বাস মিঠু ও মুজতবা সউদ। চলচ্চিত্রটিতে অরুণা বিশ্বাস ছাড়াও অভিনয় করেছেন আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, সোহানা সাবা, গাজী আব্দুন নূর, শাহেদ, স্বাগতাসহ অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা