বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২২ ২১:০২ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২২ ২১:৪৮ পিএম
ভারতের তুমুল জনপ্রিয় সিনেমা 'পুষ্পা'। এ ছবির গান ও সংলাপ মাতিয়েছে সারা দুনিয়া৷ বিশেষ করে ছবির নায়ক আল্লু অর্জুনের একটি পোজ 'পুষ্পা' পোজ নামে খ্যাতি পেয়েছে। সেই পোজে এবার ভাইরাল হলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস।
সম্প্রতি শুটিংয়ের জন্য নিউ ইয়র্কে রয়েছেন আল্লু। সেখানে দেখা হয় মেয়র এরিকের সঙ্গে। তারপর ‘পুষ্পা’ সিনেমার সিগনেচার পোজে আল্লু অর্জুনের সঙ্গে একটি ছবি তুলেন মেয়র। সে ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
সোমবার ২২ আগস্ট নিউইয়র্ক মেয়রের সঙ্গে তোলা ছবিটি টুইটারে শেয়ার করেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু।
ছবিটির সঙ্গে একটি পোস্টও শেয়ার করেন তিনি। ক্যাপশনে লিখেছেন, নিউইয়র্ক শহরের মেয়রের সঙ্গে কাটানো মুহূর্তগুলো খুব আনন্দের ছিল। আমি আপনার আমন্ত্রণ পেয়ে গর্বিত।'
জানা যায়, নিউইয়র্কে আয়োজিত বার্ষিক ইন্ডিয়া ডে প্যারেডে গ্র্যান্ড মার্শাল হিসেবে দেশের প্রতিনিধিত্ব করতে আমন্ত্রণ জানানো হয় আল্লু অর্জুনকে। নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস নিজেই তাকে আমন্ত্রন জানান।
এর আগে ভারতীয় এক সংবাদ মাধ্যম থেকে জানা যায়, ‘পুষ্পা ২’ সিনেমার শুটিং পুনরায় শুরু করতে প্রস্তুত নির্মাতারা। এ নিয়ে আজ (২২ আগস্ট) বিশেষ পূজার আয়োজন করা হয়।
প্রবা/এলএ