প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩ ১৩:৩৩ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৩ ১৮:৩৫ পিএম
দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ছবির শাহরুখ খান আর কাজলের জনপ্রিয় ট্রেনের সেই দৃশ্যটি বাংলাদেশে পুনর্নির্মাণ করা হয়েছে। ঠিক সেই দৃশ্যটিকে একটু উল্টো করে এই সময়ে এসে দারুণভাবে একটি বিজ্ঞাপনে ধারণ করা হয়েছে। যেখানে মডেল হয়েছেন জনপ্রিয় ক্রিকেটার আশরাফুল ও অভিনেত্রী সারিকা।
বিজ্ঞাপনে শাহরুখরূপে হাজির হওয়ায় জনপ্রিয় এই ক্রিকেটারকে একেবারে ভিন্নরূপে দেখা যায়। এর আগে কখনই এমনভাবে দর্শক তথা তার ভক্তরা দেখেননি। শাহরুখ খানের জনপ্রিয় সেই দৃশ্যে অভিনয় করে আশরাফুল নিজেও বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘বিজ্ঞাপনটির কনসেপ্ট আমার বেশ ভালো লেগেছে। আমি অভিনয় করতে গিয়ে নিজে বেশ রোমাঞ্চিত হয়েছি। কাজটি প্রচারে যাওয়ার পর বেশ ভালো রেসপন্স পাচ্ছি। এমন একটি ভিন্নরূপে নিজেকে দেখে সত্যিই ভালো লাগছে।’
বিজ্ঞাপনটিতে মজার একটি দৃশ্যে হাজির হন ফুড ব্লগার রাফসান দ্য ছোট ভাই। তিনি শাহরুখরূপী আশরাফুলকে বাধা সৃষ্টি করেন নায়িকার কাছে পৌঁছাতে। ’ফাইন’ ড্রিংকিং ওয়াটারের বিজ্ঞাপনটি এরই মধ্যে ইউটিউব ও ফেসবুকে দর্শক দেখে বেশ মজা পাচ্ছেন। বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছে।
তৌকির রহমান ও রেহানুর রহমানের গল্প ও চিত্রনাট্যে বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন মুনতাসির আকিব।