বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২২ ১৬:২৯ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২২ ১৭:১৯ পিএম
বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ
চলতি বছরের জুলাইয়ে আমেরিকার লাস ভেগাসে গোপনে বিয়ে সারেন হলিউডের তারকা জুটি বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। তবে মাস না পেরুতেই গত শনিবার আড়ম্বরপূর্ণভাবে আবারও বিয়ে করেন তারা।
গত জুলাই মাসে সকলের অজান্তে লাস ভেগাসের এক ছোট্ট কটেজে তারা আগেই বিয়ে সেরে ফেলেছিলেন। অবশ্য দ্বিতীয়বার বিয়েটা হলো দুপক্ষের আত্মীয়স্বজন-বন্ধুবান্ধবের উপস্থিতিতেই। তিন দিন ধরে চলেছে উদযাপন।
বেন এবং জেনিফারের প্রেমকাহিনি অনেকটা হলিউডের রোমান্টিক ছবির মতোই। ২০০১ সালে তাদের প্রথম আলাপ ‘গিগলি’ ছবির সেটে। গড়ে ওঠে গভীর সম্পর্ক। ২০০৪ সালে বিয়েও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত হয়নি। তারপর দুজনেই যে যার পথে চলে যান। বিয়েও হয় অন্যত্র। কিন্তু কোনো বিয়েই শেষ পর্যন্ত টেকেনি।
২০২১ সালের মে মাসে তাদের আবারও একসঙ্গে ঘুরতে দেখে সম্পর্কের আঁচ করেন সবাই। অবশ্য তারাও খুব একটা লুকোছাপা করেননি। একসঙ্গে বেড়াতে যাওয়া, সমুদ্রসৈকতে ঘোরা, প্রকাশ্যে চুমু, হাতে হাত ধরে পুরস্কার বিতরণীর অনুষ্ঠানে ঘোরা--সব দেখে বোঝাই যাচ্ছিল তারা ফের মন দিয়ে ফেলেছেন একে অপরকে। জুলাই মাসে সকলকে চমকে দিয়ে বিয়ে করেন তারা।
এদিকে বেন-জেনিফারের ঘনিষ্ঠরা বহু আগে থেকেই আভাস দিয়েছিলেন যে, দুজনে এবার বিয়ের কথা ভাবছেন। লাস ভেগাসে গিয়ে মুহূর্তের উন্মাদনায় দুজনে বিয়ে করে ফেলেন। তারপর সকলকে নিয়ে ধুমধাম করে আরও একবার বিয়ের আয়োজন করা হয়েছিল। কিন্তু সম্প্রতি বেনের মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। মায়ের জন্য দুশ্চিন্তায় একের পর এক সিগারেট খেতে আর হাসপাতালের বাইরে বিভ্রান্তের মতো ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল বেনকে। অনেকে ভেবেছিলেন, হয়তো বিয়ের উদযাপন এবার পিছিয়ে যাবে। তবে তা হয়নি। যথাসময়ে দুজনে আনুষ্ঠানিকভাবে ফের বিয়ে করলেন।
তবে বিয়েবাড়িতে হঠাৎই বিপত্তিও ঘটে। কোনো এক আমন্ত্রিত খুব অসুস্থ হয়ে পড়ায় অ্যাম্বুলেন্স ডাকতে হয়। ঠিক কী কারণে তাকে হাসপাতালে নিয়ে যেতে হলো, তা এখনও জানা যায়নি। অতিথির পরিচয়ও গোপন রাখা হয়েছে।
প্রবা/সসা/জেআই