× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নায়ককে পড়ে মনে

বিনাদন প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২২ ১২:৪৭ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২২ ১২:৪৮ পিএম

নায়ককে পড়ে মনে

ঢাকাই সিনেমার নায়করাজ রাজ্জাকের মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের ২১ আগস্ট না ফেরার দেশে চলে যান তিনি। চোখের দেখায় আজ তিনি নেই। কিন্তু তার কর্ম, আদর্শকে বুকে ধারণ করে আজও এদেশে নায়কের জন্ম হয়। তার মৃত্যুবার্ষিকী আসে চলচ্চিত্রপাড়া ও দর্শক হৃদয়ে শোকের বিষাদ নিয়ে।

নায়ককে অনুরাগীরা স্মরণ করেন ভালোবাসা ও শ্রদ্ধায়। সে তালিকায় আছেন তারকারাও। প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে নায়করাজকে নিয়ে নিজেদের অনুভূতি, ভালোবাসা প্রকাশ করেছেন ইলিয়াস কাঞ্চন, নিপুণ আক্তার ও আরিফিন শুভ।।

নায়ককে পড়ে মনে......

ইলিয়াস কাঞ্চন

আমি জানিনা, রাজ্জাক ভাই কেন আমাকে এত ভালোবাসতেন, স্নেহ করতেন। আমি যখন নায়ক হিসেবে হিট তখন উনার ছেলে বাপ্পারাজও নায়ক। তিনি কিন্তু নিজের ছেলেকে নিয়ে এত প্রশংসা করেননি আমাকে নিয়ে যেভাবে করতেন। তিনি সবসময়ই বলতেন আমার পর ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় হওয়া নায়ক কাঞ্চন। এটা আমাকে খুবই উৎসাহিত করেছে বারবার। তার আদরের কাছে আমি ঋণি। রাজ্জাক ভাই যখন অসুস্থ, হাসাপাতালে গিয়েছিলাম। আমাকে বুকে জড়িয়ে ৫ মিনিটি আদর করেছেন। দোয়া দিয়েছেন। রাজ্জাক ভাই একজন সুপারস্টার, সিনেমার সুপারম্যান। আমৃত্যু সিনেমা নিয়ে ভেবেছেন। তার অবদানের কথা বলার মতো কেউ আমি নই। উর্দু সিনেমার যখন জয়জয়কার তখন তিনি নায়ক হয়ে এসে এদেশের সিনেমাকে মজবুত অবস্থানে নিয়ে গেছেন। বহু বহু সুপারহিট সিনেমা তিনি উপহার দিয়েছেন। একজন ভালো অভিনেতা, সফল পরিচালক ও প্রযোজক। আমি খুবই সৌভাগ্যবান যে তার মতো কিংবদন্তির সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছি। তিনি আমার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন অনেক সিনেমায়। আবার বাবা-ছেলে হয়েও আমরা হিট সিনেমা উপহার দিয়েছি। উনি ছিলেন সিনেমার অভিভাবক। আমি রাজ্জাক ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ যেন উনাকে বেহেস্তবাসী করেন। ভালো মনের মানুষ ছিলেন রাজ্জাক ভাই। পরোপকারী। সৎ। তার মতো মানুষ মৃত্যুর পর শান্তিতে থাকবেন এটাই আশা করছি। আমরা চেষ্টা করবো প্রজন্ম থেকে প্রজন্ম যেন উনাকে মনে রাখে সেজন্য এফডিসিতে দৃশ্যমান কিছু করতে।

নিপুণ

রাজ্জাক আংকেল ছিলেন আমার অভিভাবক। আমি যখন নতুন হিসেবে কাজ শুরু করি তখনই উনার সঙ্গে অভিনয়ের সুযোগ পাই। এত বড় তারকা অভিনেতা, যাকে দেখার জন্য আমার মা খালারা পাগল। তার সঙ্গে অভিনয় করছি ভাবতে গিয়ে খুব ঘাবড়ে গিয়েছিলাম। তিনি বাবার আদরে সব সহজ করে দিয়েছিলেন। বলেছিলেন, ‘তোমার বাবার সঙ্গে যেভাবে আচরণ করো, কথা বলো আমার সঙ্গেও তেমনটা করো। অভিনয়টা খুব ইজি হবে।’ উনার পরামর্শ মেনেই সেদিন খুব ভালো অভিনয় করেছিলেন। তিনি একজন শিক্ষক। আমার মতো বহু শিল্পী অনুপ্রেরণা। দেখতে দেখতে এতগুলো বছর পেরিয়ে গেল তিনি নেই। তিনি বেঁচে থাকলে আমাদের ইন্ডাস্ট্রি আজ আরও মজবুত অবস্থানে থাকতো। তিনি নেই, আমরা দোয়া করি রাজ্জাক আংকেল ভালো থাকবেন। উনার কর্ম ও আদর্শকে সবার সামনে তুলে ধরা উচিত। সেজন্য সরকারের দৃষ্টি কামনা করবো আমি। সেইসঙ্গে আমরা শিল্পী সমিতির পক্ষ থেকেও চেষ্টা করবো রাজ্জাক আংকেলকে নিয়ে এমন কিছু করার যাতে করে তিনি আমৃত্যু সবার মনে থেকে যাবেন।

আরিফিন শুভ

প্রথমেই রাজ্জাক স্যারকে শ্রদ্ধা জানাই। আমাদের সিনেমার অনেক নায়ক। কিন্ত‘ নায়কদের রাজা তিনি। তার মতো একজন নায়ককে নিয়ে কথা বলতে গেলেই হৃদয় নত হয়ে আসে। স্যারের সঙ্গে আমার অভিনয়ের সুযোগ হয়নি। এটা আমার দুর্ভাগ্য। তবে স্যারের স্নেহ-সান্নিধ্য পেয়েছিয। উনার সঙ্গে অনেক গল্পও আছে আমার। একবার আমি এফডিসিতে আমার প্রিয় একটি মডেলের গাড়ি নিয়ে এসেছিলাম। বেশ পুরনো মডেলের গাড়ি ছিল সেটি। মেকাপরুমে ঢুকেছি কেবল অমনি একজন এসে বললো যে রাজ্জাক স্যার আমাকে ডাকছে। ভাবলাম কিছু মিসটেক করলাম কি না। একটু ভীত হলাম। স্যারের কাছে যেতেই তিনি আমার ওই গাড়ির ব্যাপারে জানতে চাইলেন। বললাম যে পুরোনো এন্টিক জিনিসপত্র সংগ্রহ করা আমার হবি। এই গাড়িটাও তাই। তিনি বললেন, তারও এমন একটা গাড়ি ছিল। যখন নায়ক হিসেবে নাম করছিলেন তখনকার কেনা। আমার গাড়িটা দেখে উনার মনে পড়লো সেই গাড়ির কথা। তারপর অনেক গল্প হলো। এছাড়াও অনেকবার উনার সঙ্গে আড্ডা হয়েছে। আর উনার কাছ থেকে একটা শিক্ষা আমি গ্রহণ করেছি। সেটা হলো তিনি বলেছিলেন, ‘শুভ হিট বা ফ্লপ হওয়া নিয়ে কখেনো ভাববে না। একজন শিল্পীর মূল কাজ হলো পারফর্ম করে যাওয়া।’ উনার কথাটি আমি আজও স্মরণ করি সবসময়। 

আমি মনে করি রাজ্জাক স্যারসহ আমাদের যারা লিজেন্ডরা রয়েছেন সবার স্মৃতি বাঁচিয়ে রাখার জন্যই কিছু উদ্যোগ নেয়া উচিত। সব প্রজন্ম যেন এইসব কীর্তিমানদের মনে রাখে। রাজ্জাক স্যারের জন্য শ্রদ্ধা।

প্রবা/টিএম 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা