× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভুলভুলাইয়া তৃতীয় পর্বেও কার্তিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩ ১৩:২০ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩ ১৪:১৪ পিএম

ভুলভুলাইয়া তৃতীয় পর্বেও কার্তিক

আন্দাজ কিছুটা আগেই করা গিয়েছিল। বক্স অফিসে ঝড় তুলতে পারে ‘ভুলভুলাইয়া ২’। তার প্রত্যাশাও ছিল। বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের এই ছবি ঘিরে উন্মাদনা বাড়ছিল দর্শকের মধ্যে। আর দর্শকের সেই উন্মাদনার প্রভাব পড়ল বক্স অফিস কালেকশনে। মুক্তি পাওয়ার প্রথম দিনই রেকর্ড গড়েছিল এই ছবি। সামগ্রিকভাবে ২০২২ সালে বলিউডের সবচেয়ে বেশি আয় করা ছবিও এটি। এবার শোনা যাচ্ছে সিনেমাটির তৃতীয় কিস্তি আসতে চলেছে।

ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার সঙ্গে একান্ত কথোপকথনে ছবিটির প্রযোজক ভূষণ কুমার নিশ্চিত করেছেন, ‘ভুল ভুলাইয়া ৩’ আসছে। ছবিটির শুটিং শুরু হবে ২০২৪ সালে। এটি মুক্তি পাবে ২০২৫ সালের শেষ দিকে। তৃতীয় কিস্তিতে অভিনেতা কার্তিক আরিয়ানের ওপরই ভরসা করছেন প্রযোজক। তার অভিনয়ের বিষয়টি চূড়ান্ত। তবে তার সঙ্গে আর কে কে থাকছেন, তা এখনও নিশ্চিত নয়।

ভূষণ কুমার বলেন, ‘আমরা অবশ্যই কার্তিক আরিয়ানকে নিয়ে ভুলভুলাইয়া ৩ তৈরি করব। পার্ট ২-এর সাফল্যের পর সিরিজটি নিয়ে সবার প্রত্যাশা আকাশচুম্বী। আমরা দর্শকের আবেগ মূল্যায়ন করতে চাই। তাই প্রস্তুতি নিচ্ছি। কীভাবে ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে ভাবছি। এ মুহূর্তে আমরা চিত্রনাট্য তৈরি করছি। আশা করি গেল দুটি পর্বের চেয়েও তৃতীয় পর্বে আরও অনেক চমক, বিনোদন ও ভালোলাগা উপহার দিতে পারব।’

তিনি আরও বলেন, ‘২০২৫ সালে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়েছি আমরা। আগামী বছরের মাঝামাঝি নির্মাণকাজ শুরু করব। দেড় বছর আছে আমাদের হাতে প্রস্তুতির জন্য।’

এ সময় তিনি কার্তিককে নিয়ে ‘আশিকি ৩’ নির্মাণের কথাও জানান। ভূষণ বলেন, ‘সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে আশিকি ৩ ছবির কাজ শুরু করব।’

এর আগে ২০০৭ সালে ভূষণ কুমার ও কৃষাণ কুমার প্রযোজিত প্রিয়দর্শন পরিচালিত ‘ভুলভুলাইয়া’ নামে মুক্তি পায় ফ্র্যাঞ্চাইজিটির প্রথম কিস্তি। সেখানে অভিনয় করে তাক লাগিয়েছিলেন অক্ষয় কুমার, বিদ্যা বালান, অ্যামিশা প্যাটেলসহ আরও অনেকে। ছবিটি সে বছর দারুণ ব্যবসায়িক সাফল্য পায়। সিনেমা হলে সাইকোলজিক্যাল হরর কমেডি মুভির রসদ চেটেপুটে উপভোগ করেছিল দর্শক। ২৫ কোটি রুপি বাজেটের সিনেমাটি আয় করেছিল প্রায় ৮৫ কোটি রুপি।

এরপর গেল বছরের মে মাসে মুক্তি পায় ‘ভুলভুলাইয়া ২’। এ ছবিটি পরিচালনা করেন আনিস বাজমি। কার্তিক আরিয়ানের পাশাপাশি এই হরর কমেডি ঘরানার ছবিটিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন টাবু ও কিয়ারা আদভানিরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা