× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীতের সন্ধ্যায় শহর ভাসবে শানু-উদিতের সুরে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মিনিট আগে

শীতের সন্ধ্যায় শহর ভাসবে শানু-উদিতের সুরে

প্রেম দিবসকে ঘিরে সংগীতের বিশেষ আয়োজন করতে যাচ্ছে কলকাতা। একই মঞ্চে হাজির হবেন বলিউডের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার শানু ও উদিত নারায়ণ। আগামী ১৪ ফেব্রুয়ারি কলকাতার ইকো পার্কে অনুষ্ঠিত হবে ‘উইংস অফ লাভ’-এর চতুর্থ আসর। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া এই দুই শিল্পীর একসঙ্গে মঞ্চে ওঠার খবরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

নব্বইয়ের দশকে বলিউডের সংগীতে অন্যতম জনপ্রিয় কণ্ঠ ছিলেন কুমার শানু। ঋষি কাপুর থেকে শাহরুখ খান, সালমান খানসহ বিভিন্ন প্রজন্মের অভিনেতার পর্দায় তার কণ্ঠে জনপ্রিয় হয়েছে অসংখ্য গান। অন্যদিকে আশির দশক থেকে শুরু করে উদিত নারায়ণের ঝুলিতেও রয়েছে বহু শ্রোতাপ্রিয় গান। এবার একই আয়োজনে তাদের পরিবেশনা উপভোগ করবেন কলকাতার দর্শক।

অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে কুমার শানুর গানের বিশেষ সিম্ফনি পরিবেশনা। আয়োজকদের দাবি, ভারতে কোনো লাইভ কনসার্টে এবারই প্রথম নিজের গানের সিম্ফনি উপস্থাপন করবেন তিনি। এ পরিবেশনায় অংশ নেবেন ২৬ থেকে ২৭ জন যন্ত্রশিল্পী। প্রস্তুতির জন্য আলাদা স্টুডিও ভাড়া করে টানা তিন দিন মহড়া দেওয়ার পরিকল্পনা রয়েছে শানু ও তার দলের।

অন্যদিকে উদিত নারায়ণ বর্তমানে বিদেশে সংগীতানুষ্ঠান নিয়ে ব্যস্ত। অনুষ্ঠানের এক দিন আগে কলকাতায় পৌঁছনোর কথা রয়েছে তার। দুই শিল্পী আলাদাভাবে পরিবেশনা করলেও কয়েকটি গান একসঙ্গে গেয়ে শোনাতে পারেন বলে জানা গেছে।

আয়োজক সংস্থার অন্যতম কর্তা মণীশঙ্কর দাস জানান, দীর্ঘ বিরতির পর বড় কনসার্টের জন্য প্রস্তুত হচ্ছে ইকো পার্ক। ইতোমধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রি। টিকিটের দাম ৭৯৯ থেকে ১০ হাজার ৫০০ টাকা। যুগলদের জন্য থাকছে ক্যান্ডেললাইট ডিনারের বিশেষ ব্যবস্থা। আয়োজকদের আশা, অনুষ্ঠানে ১৮ থেকে ২০ হাজার দর্শকের সমাগম হবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা