× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপলক মেহজাবিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মিনিট আগে

অপলক মেহজাবিন

ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন মেহজাবিন চৌধুরী। সময়ের সঙ্গে নিজের অভিনয়দক্ষতা ও চরিত্র নির্বাচনের বৈচিত্র্যে তৈরি করেছেন স্বতন্ত্র পরিচয়। কখনও সাধারণ পরিবারের মেয়ে, কখনও জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া নারী-বিভিন্ন চরিত্রে নিজেকে ভিন্নভাবে তুলে ধরেছেন তিনি।

সংলাপ বলার ধরন, অভিব্যক্তি ও চরিত্রের আবেগ ফুটিয়ে তোলার দক্ষতায় বারবার প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী। তবে ছোটপর্দার পরিচিত গণ্ডিতে নিজেকে আটকে রাখেননি। বড়পর্দায়ও বেছে নিয়েছেন ভিন্নধর্মী গল্প ও চ্যালেঞ্জিং চরিত্র। এখন পর্যন্ত মুক্তি পাওয়া দুটি সিনেমাতেই নাম ভূমিকায় অভিনয় করে নিজের অভিনয়জগতে নতুন মাত্রা যোগ করেছেন তিনি।

মেহজাবিনের বড়পর্দায় অভিষেক হয় শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতি’ সিনেমার মাধ্যমে। ২০২৪ সালের ২০ ডিসেম্বর মুক্তি পাওয়া সিনেমাটিতে মালতি রানী দাস চরিত্রে অভিনয় করেন তিনি। স্বামীকে হারানোর পর একজন নারীর অস্তিত্ব, অধিকার ও নিজের অবস্থান প্রতিষ্ঠার লড়াই উঠে এসেছে সিনেমাটির গল্পে। জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া একজন নারীর মানসিক টানাপড়েন ও সংগ্রাম পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ ছিল এই চরিত্রে। মেহজাবিনও অভিনয়ের মধ্য দিয়ে চরিত্রটির আবেগ ও পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছেন। প্রচলিত বাণিজ্যিক ধারার বাইরে গিয়ে এমন গল্পে তার উপস্থিতি দর্শকের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করে।

এরপর ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর মুক্তি পায় তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘সাবা’। সিনেমাটির শুটিংয়ের অভিজ্ঞতা অবশ্য ‘প্রিয় মালতি’র আগেই হয়েছিল। অর্থাৎ অভিনয়ের ধারাবাহিকতায় ‘সাবা’ তার প্রথম সিনেমা হলেও মুক্তির দিক থেকে দ্বিতীয়। এতে অসুস্থ মাকে আগলে রাখা এক মেয়ের ভালোবাসা, দায়িত্ব ও আত্মত্যাগের গল্প তুলে ধরা হয়েছে। মেহজাবিন অভিনয় করেছেন নাম ভূমিকায়। মায়ের প্রতি ভালোবাসা, পারিবারিক দায়িত্ব এবং ব্যক্তিগত জীবনের নানা সংকটের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া সাবা চরিত্রে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন তিনি।

দুটি সিনেমার গল্প ও চরিত্রের প্রেক্ষাপট আলাদা হলেও উভয় ক্ষেত্রেই প্রাধান্য পেয়েছে নারীর জীবনসংগ্রাম ও বাস্তবতার গল্প। পরিচিত জীবনের কাছাকাছি থাকা এসব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড়পর্দায় নিজের সক্ষমতা তুলে ধরেছেন মেহজাবিন। সিনেমা দুটিই দেশের বাইরের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে এবং পুরস্কারও অর্জন করেছে।

এবার নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে আসার অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী। আদনান আল রাজীব পরিচালিত ‘অপলক’ তার অভিনীত তৃতীয় সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো। ২০২৭ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। ভালোবাসার গল্পকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় উঠে আসবে মানুষের আবেগ, সম্পর্কের টানাপড়েন এবং জীবনের চেনা কিছু অনুভূতি।

 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা