প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৪৮ মিনিট আগে
নতুন সিনেমা ‘নিঃস্ব’ নিয়ে আবারও বড়পর্দায় হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ঢালিউড তারকা শাকিব খান। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের এই সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে। প্রথম পর্যায়ে ভারত, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় দৃশ্যধারণ করা হবে। এরপর জানুয়ারিতে দেশে ফিরে বাকি অংশের শুটিং করার পরিকল্পনা রয়েছে।
সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা ছিল আরও আগে। তবে চিত্রনাট্যে পরিবর্তন আনার কারণে পিছিয়ে যায় কাজ। অবশেষে চলতি মাসে চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার পর শুটিংয়ের প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্টরা। বিষয়টি জানিয়েছেন সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি।
শুটিংয়ের প্রস্তুতি ও দেশের বাইরে দৃশ্যধারণের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘স্ক্রিপ্ট থেকে শুটিং লোকেশন সবকিছুই নির্ভর করে পরিকল্পনার ওপর। স্ক্রিপ্ট পরিবর্তন হওয়ায় শুটিং শুরু হতে দেরি হয়েছে। টিমের সম্মতিতে এ মাসে স্ক্রিপ্ট লক হওয়ার পর আমরা সব প্রস্তুতি নিয়ে ফেলেছি। আমাদের দেশের সার্বিক পরিস্থিতি কখন কী হয়, বলা যায় না। এর সঙ্গে ভাইয়ার (শাকিব খান) নিরাপত্তার বিষয়টিও বিবেচনা করে দেশের বাইরে শুটিং করতে যাচ্ছি। ডিসেম্বরের ৫-৭ তারিখ থেকে শুটিং শুরু করব। আমরা একটানা দেশের বাইরে (ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া) শুটিং করব। দেশের অংশের কিছু কাজ আছে, সেগুলো জানুয়ারিতে ফিরে করব।’
‘বরবাদ’ সিনেমার পর পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে আবারও কাজ করছেন শাকিব খান। নতুন এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করার কথা রয়েছে ইধিকা পালের। তবে সিনেমাটির বিস্তারিত অভিনয়শিল্পী তালিকা ও অন্যান্য তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
নতুন সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন শাকিব খান। বিশেষ করে তিন দেশে টানা শুটিংয়ের পরিকল্পনা এবং নির্মাতার নতুন আয়োজন ঘিরে সিনেমাটি নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে।