প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৪৯ মিনিট আগে
একদিকে পৌরাণিক চরিত্র সীতা, অন্যদিকে পুলিশের পোশাকে দায়িত্বশীল কর্মকর্তা। পর্দায় একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়ছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সাই পল্লবী। তার অভিনীত ‘রামায়ণ’ ও ‘ওএম : অপারেশন মোল’ সিনেমা দুটি প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করছে। গতকাল পর্যন্ত মুক্তির ২২ দিনে ‘রামায়ণ’ আয় করেছে ১ হাজার ৭৫৫ কোটি রুপি।
অন্যদিকে ছয় দিনে ‘ওএম : অপারেশন মোল’ সিনেমার আয় ছাড়িয়েছে ১০০ কোটি রুপি। এমন সাফল্যের মধ্যেই নতুন সিনেমা ‘ইঞ্জি ভেল্লাম’ নিয়ে হাজির হয়েছেন এই অভিনেত্রী। পরিচালক মণি রত্নমের সিনেমাটির প্রথম গান ‘আচ্চি আচ্চি’ প্রকাশিত হয়েছে ২৫ নভেম্বর। গানে সাই পল্লবীকে দেখা গেছে একেবারেই ভিন্ন সাজে। ছোট চুল, গোলাপি পোশাক আর অন্তঃসত্ত্বা নারীর বেশে নাচতে দেখা যায় তাকে। গানের নাচে তার সঙ্গে অংশ নিয়েছেন আরও কয়েকজন নারী, যাদের বেশিরভাগই অন্তঃসত্ত্বা।
‘আচ্চি আচ্চি’ গানের সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান। বৈশালী সামন্ত ও শরণ্যা শ্রীনিবাসের কণ্ঠে গানটির কথা লিখেছেন ইলাঙ্গো কৃষ্ণন।
‘ইঞ্জি ভেল্লাম’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন বিজয় সেতুপতি ও সাই পল্লবী। সিনেমার নামের অর্থ নিয়েও মজার ব্যাখ্যা দিয়েছেন অভিনেত্রী। তার কথায়, বিজয় সেতুপতি হলেন ‘ইঞ্জি’ অর্থাৎ আদা, আর তিনি নিজে ‘ভেল্লাম’ অর্থাৎ গুড়। তবে এই নামের পেছনের আসল রহস্য জানতে দর্শকদের সিনেমা মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।
মণি রত্নমের পরিচালনায় এবারই প্রথম অভিনয় করছেন সাই পল্লবী। কলকাতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটির গল্প। প্রকাশিত পোস্টার ও প্রথম ঝলকে হাওড়া সেতু, শহরের রাস্তা এবং ট্রামের দৃশ্য উঠে এসেছে। রোমান্টিক ঘরানার সিনেমাটি আগামী ২৯ জানুয়ারি ২০২৭ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।