প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ মিনিট আগে
ছোটপর্দা থেকে বড়পর্দায় অভিনয়ের বৈচিত্র্যে নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে উপস্থাপন করছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। কখনও পারিবারিক গল্পে, কখনও রোমান্টিক চরিত্রে, আবার কখনও ভিন্নধর্মী গল্পের চরিত্র হয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন তিনি। ‘মায়াশালিক’, ‘কাজলরেখা’, ‘উৎসব’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’র মতো কাজের মধ্য দিয়ে অভিনয়জগতে নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন এই অভিনেত্রী।
বিশেষ করে ওয়েব কনটেন্ট ও চলচ্চিত্রে তার উপস্থিতি দর্শকের মধ্যে তৈরি করেছে নতুন আগ্রহ। সম্প্রতি ‘আরও কিছুক্ষণ’ স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেও প্রশংসা পেয়েছেন তিনি। এবার আবারও ছোটপর্দার দর্শকদের সামনে আসছেন নতুন গল্প নিয়ে। তার এবারের নাটকের নাম ‘বিবাহ বিভ্রাট’। এতে তার বিপরীতে রয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ।
বিবাহ, সংসার ও পারিবারিক জীবনের নানা জটিলতার সঙ্গে হাস্যরসের মিশেলে নির্মিত হয়েছে একক নাটকটি। নাটকের কাহিনী রচনার পাশাপাশি পরিচালনাও করেছেন প্রীতি দত্ত। চিত্রনাট্য লিখেছেন লিমন আহমেদ। এর আগে একাধিক নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন সাদিয়া আয়মান ও ইরফান সাজ্জাদ। তাদের একসঙ্গে দেখা গেছে ‘প্রিয় পরিবার’, ‘ফ্যামিলি এক্সপ্রেস’, ‘বর্ষা ও বাদলের সংসার’, ‘পুনরাবৃত্তি’, ‘আলোর জোনাকী’, ‘সে থাকে আড়ালে’, ‘হোপ’, ‘ভালোবাসার মেঘ বৃষ্টি’, ‘বিষণ্ন মেঘ’, ‘পাথরে লেখা নাম’, ‘যেন তোমারই জন্য’, ‘কালো বরফ’ ও ‘কিস্তিতে প্রেম’সহ বেশ কিছু নাটকে। পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে পরিচিত। সেই ধারাবাহিকতায় এবার ভিন্ন আঙ্গিকের গল্পে তাদের উপস্থিতি নতুন করে দর্শকের আগ্রহ তৈরি করবে বলে প্রত্যাশা নির্মাতাদের।
‘বিবাহ বিভ্রাট’ নাটকে সাদিয়া ও ইরফান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, বাপ্পি বাসার, শশী আফরোজা, সাজ্জাদ চৌধুরী, সায়রাসহ অনেকে। শিগগিরই নাটকটি ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
সাদিয়া আয়মানের ভাষায়, আগে যেসব নাটকে অভিনয় করেছেন, সেগুলোর তুলনায় ‘বিবাহ বিভ্রাট’-এর গল্প ও চরিত্র কিছুটা আলাদা। এ কারণেই কাজটি তার কাছে বিশেষ। দর্শকরা নাটকটি উপভোগ করবেন বলেও আশাবাদী এই অভিনেত্রী।
উল্লেখ্য, ২০১৯ সালে অভিনয়জীবন শুরু করা সাদিয়া আয়মান প্রথমে টেলিভিশন নাটকের মাধ্যমে পরিচিতি পান। পরবর্তী সময়ে ‘মায়াশালিক’, ‘স্বপ্নভূক’ ও ‘বিভাবরী’র মতো ওয়েব সিনেমায় অভিনয় করে নিজের কাজের পরিধি বাড়ান। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। এরপর তানিম নূরের ‘উৎসব’ সিনেমায় অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন। পাশাপাশি হইচইয়ের সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’তেও তার অভিনয় দর্শকের নজর কেড়েছে। ছোট ও বড়পর্দার পাশাপাশি ওটিটিতে কাজের অভিজ্ঞতা নিয়ে সাদিয়া এখন চরিত্র নির্বাচনে বৈচিত্র্য রাখার চেষ্টা করছেন। সেই যাত্রায় ‘বিবাহ বিভ্রাট’ তার নতুন সংযোজন।