× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্লেব্যাকে বুবলী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মিনিট আগে

প্লেব্যাকে বুবলী

সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু। এরপর বড়পর্দায় অভিষেক, অভিনয়ে নিজের অবস্থান তৈরি, প্রযোজনায় যুক্ত হওয়া— এবার নতুন পরিচয়ে আসছেন শবনম বুবলী। সিনেমার পর্দায় নায়িকা হিসেবে দর্শকের মন জয় করার পর এবার গায়িকা হিসেবেও নিজের পরিচিতি গড়তে চলেছেন এই অভিনেত্রী। জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় প্লেব্যাক করতে যাচ্ছেন তিনি। কবির বকুলের লেখা একটি গানে কণ্ঠ দেবেন বুবলী। আগামী ডিসেম্বরেই গানটির রেকর্ডিংয়ের পরিকল্পনা রয়েছে।

একসময় টেলিভিশনের পর্দায় সংবাদ পাঠ করতেন শবনম বুবলী। সংবাদ উপস্থাপনার মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী একসময় পা রাখেন চলচ্চিত্রে। ২০১৬ সালে শামীম আহমেদ রনির পরিচালনায় ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন তিনি। একই বছর শাকিব খানের বিপরীতে ‘শুটার’ সিনেমায় অভিনয় করেও আলোচনায় আসেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ঢালিউডে নিজের জায়গা তৈরি করেন বুবলী।

শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘বসগিরি’, ‘শুটার’, ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’, ‘সুপার হিরো’ ও ‘ক্যাপ্টেন খান’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। পরবর্তী সময়ে এই জুটির বাইরে গিয়েও বিভিন্ন অভিনেতার সঙ্গে কাজ করেছেন। অভিনয়ের ধারাবাহিকতায় ‘প্রহেলিকা’, ‘ক্যাসিনো’, ‘লিডার : আমিই বাংলাদেশ’, ‘দেয়ালের দেশ’সহ বিভিন্ন সিনেমায় দেখা গেছে তাকে। বিশেষ করে ‘প্রহেলিকা’ সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসা ও পুরস্কারও পেয়েছেন বুবলী। বিএফডিএ অ্যাওয়ার্ডসে ২০২৩ সালে এই সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি পান।

তবে বুবলীর ক্যারিয়ারে শুধু সিনেমা নয়, গানও তৈরি করেছে আলাদা পরিচিতি। তার অভিনীত প্রথম সিনেমা ‘বসগিরি’র ‘দিল দিল দিল’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। শাকিব খান ও বুবলীর রসায়ন, গানের কথা ও সুর— সব মিলিয়ে গানটি দুই বাংলার দর্শকের কাছেও পৌঁছে যায়। পরবর্তী সময়ে ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’ এবং ‘লোকাল’ সিনেমার ‘খেলা হবে’ গানও দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ২০২৩ সালে প্রকাশিত এক প্রতিবেদনে বুবলীর অভিনীত সিনেমার সর্বাধিক ভিউ পাওয়া গান হিসেবে এই দুটি গানের কথা উঠে আসে। 

অভিনয়ের পাশাপাশি এবার গানের জগতে নিজের কণ্ঠের পরিচয় দিতে চান বুবলী। চলতি বছরের রোজার ঈদে হানিফ সংকেতের পরিকল্পনা ও পরিচালনায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে সংগীত শিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে ‘এই তুমি সেই তুমি’ গানটি গেয়েছিলেন তিনি। গানটির মাধ্যমে প্রথমবারের মতো গায়িকা হিসেবে দর্শকের সামনে আসেন এই অভিনেত্রী। এবার সেই অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। 

পুরান ঢাকার মানুষ, সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্যকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। প্রেমের গল্পের মধ্য দিয়ে উঠে আসবে পুরান ঢাকার জীবনযাপন ও ইতিহাস-ঐতিহ্য। এতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। এটি তাদের জুটির চতুর্থ সিনেমা। আরও অভিনয় করছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপু। মাতৃত্বকালীন বিরতির আগে গত জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় সিনেমাটির প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছিলেন বুবলী। নির্মাতার ভাষ্য অনুযায়ী, আগামী ১৫ জানুয়ারি থেকে পুরান ঢাকায় শুরু হবে নতুন লটের শুটিং।

এদিকে অভিনয় ও সংগীতের বাইরে প্রযোজক হিসেবেও নতুন যাত্রা শুরু করেছেন বুবলী। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন’ থেকে নির্মিত হয়েছে প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’। মুরসালিন সরকার পরিচালিত সিনেমাটি নির্বাচিত হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরের জন্য। আগামী ৯ জানুয়ারি শুরু হতে যাওয়া এই উৎসবে ছবিটির অংশগ্রহণ বুবলীর ক্যারিয়ারে যুক্ত করছে নতুন মাত্রা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা