প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ মিনিট আগে
বলিউডে নিজের অভিনয়, নাচ ও প্রাণবন্ত উপস্থিতি দিয়ে আলাদা জায়গা তৈরি করেছেন শ্রদ্ধা কাপুর। রোমান্টিক চরিত্র থেকে শুরু করে ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন তিনি। ‘আশিকি ২’, ‘এক ভিলেন’, ‘এবিসিডি ২’, ‘স্ত্রী’ ও ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-এর মতো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী।
এবার নতুন সিনেমায় সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে গিয়ে কঠিন শারীরিক অনুশীলনের মধ্য দিয়ে গেছেন শ্রদ্ধা। আট কেজি ওজনের ঘুঙুর পায়ে বেঁধে টানা ২৫ দিন নাচের মহড়া দিয়েছেন তিনি। আর সেই প্রস্তুতির সময়ই পায়ে চোট পেয়েছেন অভিনেত্রী।
লক্ষ্মণ উতেকর পরিচালিত ‘ইথা’ সিনেমায় মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী তামাশা ও লাভানি শিল্পী ভিঠাবাই নারায়ণগাঁওকরের চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা। চরিত্রটির সঙ্গে মানিয়ে নিতে নাচের বিশেষ প্রশিক্ষণ নিতে হয়েছে তাকে। সম্প্রতি পুনেতে ‘জি জি রে জি’ গানের প্রকাশনা অনুষ্ঠানে অভিনেত্রীর কঠোর পরিশ্রমের কথা জানান সিনেমাটির পরিচালক।
লক্ষ্মণ উতেকর জানান, প্রতিদিন আট ঘণ্টা করে দুই পায়ে চার কেজি ওজনের ঘুঙুর পরে মহড়া দিতেন শ্রদ্ধা। অর্থাৎ দুই পায়ে মিলিয়ে ঘুঙুরের ওজন ছিল আট কেজি। দীর্ঘ সময় এভাবে অনুশীলন করার কারণে তার পা ফুলে যেত। একপর্যায়ে গানের শুটিংয়ের দ্বিতীয় দিন পেশিতে টান লাগে অভিনেত্রীর। ফলে সাময়িকভাবে বন্ধ রাখতে হয় শুটিং।
পরিচালকের ভাষ্য অনুযায়ী, শ্রদ্ধার চোট সারতে প্রায় এক মাস সময় লেগেছিল। সুস্থ হওয়ার পর অবশ্য দ্রুত শুটিং সেটে ফিরতে আগ্রহী ছিলেন তিনি। চরিত্রটির জন্য অভিনেত্রীর এই নিষ্ঠা ও পরিশ্রমের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন পরিচালক।
‘ইথা’ সিনেমায় ভিঠাবাইয়ের জীবন ও শিল্পীসত্তা পর্দায় ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ নিয়েছেন শ্রদ্ধা। চরিত্রটির প্রয়োজনে নাচের কঠিন প্রশিক্ষণ থেকে শুরু করে শারীরিক কষ্টÑ সবকিছুই সামলাতে হয়েছে তাকে। আগামী ৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।