প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৬ মিনিট আগে
বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর)। পুয়ের্তো রিকোর সান হুয়ানে অবস্থিত হোসে মিগুয়েল আগরেলো কলিসিয়ামে বসছে এবারের জমকালো আয়োজন। বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে সর্বোচ্চ ১২০ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন এতে। তাঁদের সঙ্গে আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি।

প্রথমবারের মতো মিস ইউনিভার্সের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করছেন মাহি। প্রতিযোগিতার প্রস্তুতির জন্য সময় কম পেলেও নিজেকে গুছিয়ে নিতে সহযোগিতা পেয়েছেন সাবেক মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার কাছ থেকে। পোশাক নির্বাচন, সাজসজ্জা এবং বিভিন্ন পর্বে নিজেকে উপস্থাপনের বিষয়ে তাঁর কাছ থেকে পরামর্শ নিয়েছেন মাহি। প্রতিযোগিতার জন্য সঙ্গে নিয়েছেন প্রায় ৩৫টি পোশাক।
জাতীয় পোশাক প্রদর্শনীতে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেছেন এই প্রতিযোগী। গত ২২ নভেম্বর অনুষ্ঠিত পর্বে লাল-সাদা খাদির শাড়িতে হাজির হন তিনি। ‘মাদারহুড: আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামের পোশাকটির মূল ভাবনায় ছিল মাতৃত্ব। মা ও সন্তানের চিরন্তন বন্ধনের পাশাপাশি মাতৃভূমির প্রতি ভালোবাসার বার্তাও ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তিনি।

কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ে তৈরি শাড়িটির নকশা করেছেন বিশ্বজিৎ মজুমদার। পোশাকের সঙ্গে ছিল বাংলার ঐতিহ্যবাহী গয়না। আর পিঠে সংযুক্ত বৃত্তাকার শিল্পকর্মে ফুটিয়ে তোলা হয়েছে একজন নারীর শৈশব, মাতৃত্ব ও বার্ধক্যে পৌঁছানোর গল্প। এভাবেই পোশাকের মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহ্যের পাশাপাশি নারীর জীবনের নানা অধ্যায় তুলে ধরেছেন মাহি।
এদিকে বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের ভোটও এবারের প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভোটের হিসাবেও ভালো অবস্থানে রয়েছেন বাংলাদেশের এই প্রতিনিধি। সাপ্তাহিক ভোটে শীর্ষে এবং মোট ভোটের হিসাবে তৃতীয় অবস্থানে ছিলেন তিনি। দর্শকদের ভোটের মাধ্যমে সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে প্রতিযোগীদের।

২০১৯ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ শুরু হয়। প্রথম আসরে দেশের প্রতিনিধিত্ব করেন শিরিন আক্তার শিলা। এরপর ২০২৪ সালে অংশ নেন অনিকা আলম। গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে সেরা ৩০-এ জায়গা করে দেন। এবার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা মাহিকে ঘিরে।
পুয়ের্তো রিকোর স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে এবারের গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় ২৫ নভেম্বর সকাল ৭টায় দেখা যাবে চূড়ান্ত পর্ব। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৫ সালের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বশ নতুন বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেবেন।
এবারের আয়োজন উপস্থাপনা করবেন মারিও লোপেজ ও ২০২২ সালের মিস ইউনিভার্স আর’বনি গ্যাব্রিয়েল। অন্যদিকে প্রতিযোগিতার নেপথ্যের বিভিন্ন আয়োজন তুলে ধরবেন ১৯৯৩ সালের মিস ইউনিভার্স ডায়ানারা টরেস ও উপস্থাপক জুরি হল।

যেভাবে দেখবেন
বিশ্বসুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে সরাসরি সম্প্রচার করা হবে টেলিমুন্দো ও রিলজ টেলিভিশন চ্যানেলে। অনলাইনে দেখা যাবে পিকক প্ল্যাটফর্মেও। এ ছাড়া মূল পর্বের আগে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে প্রাথমিক প্রতিযোগিতা। এটি সম্প্রচার করা হবে টেলিমুন্দো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।