× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিসেম্বরে ওটিটির যত আয়োজন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মিনিট আগে

ডিসেম্বরে ওটিটির যত আয়োজন

পর্দায় নতুন গল্পের হাতছানি, পরিচিত চরিত্রের প্রত্যাবর্তন আর তারকাদের নতুন সব কাজÑ সব মিলিয়ে ডিসেম্বরজুড়ে ওটিটি প্লাটফর্মগুলোতে থাকছে জমজমাট আয়োজন। থ্রিলার, রোমান্স, রহস্য থেকে শুরু করে পারিবারিক গল্পÑ বছরের শেষ মাসে দর্শকদের জন্য কী নিয়ে আসছে ওটিটি প্লাটর্ফমগুলো।

নেটফ্লিক্স

ডিসেম্বরের ১ তারিখে রাজনৈতিক থ্রিলার ‘ট্রিনিটি’ দিয়ে শুরু হচ্ছে নেটফ্লিক্সের আয়োজন। সাত পর্বের সিরিজটি নির্মাণ করেছেন ‘লাইন অব ডিউটি’ ও ‘বডিগার্ড’খ্যাত জেড মারকিউরিও। অভিনয় করেছেন গুগু এমবাথার ও রিচার্ড ম্যাডেন। গল্পে যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক সাবমেরিনের কমান্ডার ক্যাথরিন ডেকার একটি গোপন সামরিক কর্মসূচি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের সন্ধান পান। এরপর বিশ্বযুদ্ধের আশঙ্কা, ক্ষমতার দ্বন্দ্ব এবং রাষ্ট্রীয় গোপনীয়তা ঘিরে তৈরি হয় রাজনৈতিক ও সামরিক উত্তেজনা।

৩ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে জেন অস্টেনের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত ছয় পর্বের ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’। এলিজাবেথ বেনেট চরিত্রে এমা করিন, মিস্টার ডার্সি চরিত্রে জ্যাক লোডেন এবং মিসেস বেনেটের ভূমিকায় রয়েছেন অলিভিয়া কোলম্যান। ডলি অ্যালডারটনের চিত্রনাট্যে সিরিজটি পরিচালনা করেছেন ইউরোস লিন। বেনেট পরিবারের পাঁচ মেয়ের বিয়ে, প্রেম, সামাজিক মর্যাদা ও পারিবারিক প্রত্যাশার পাশাপাশি এলিজাবেথ ও ডার্সির সম্পর্ক এবং তৎকালীন ইংরেজ সমাজের শ্রেণিগত ব্যবধান উঠে আসবে এতে।

৪ ডিসেম্বর মুক্তি পাবে হিন্দি ওয়েব সিরিজ ‘ও সাথী রে’। ১০ ডিসেম্বর আসবে ‘দ্য মার্ডার অব জনবেনেট রামসে’। ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের কলোরাডোর বোল্ডারে ছয় বছর বয়সী জনবেনেট রামসের হত্যাকাণ্ড অবলম্বনে নির্মিত আট পর্বের সিরিজে তার মা প্যাটসি রামসে চরিত্রে মেলিসা ম্যাকার্থি এবং বাবা জন রামসে চরিত্রে ক্লাইভ ওয়েন অভিনয় করেছেন। 

১১ ডিসেম্বর মুক্তি পাবে কোরিয়ান ড্রামা ‘তানতারা’। ১৭ ডিসেম্বর আসবে লেখক ঝুম্পা লাহিড়ীর একই নামের ছোটগল্প সংকলন অবলম্বনে নির্মিত ‘আনঅ্যাকাস্টমড আর্থ’। 

মাসের শেষ দিকে ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা জনপ্রিয় রোমান্টিক কমেডি ‘এমিলি ইন প্যারিস’-এর নতুন মৌসুম। এমিলি কুপার চরিত্রে ফিরছেন লিলি কলিন্স। নতুন পর্বে তার কর্মজীবন, প্রেম ও ব্যক্তিগত সম্পর্কের নানা দিক দেখা যাবে। প্যারিসের পাশাপাশি গ্রিস ও মোনাকোও হবে গল্পের গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। গ্যাব্রিয়েলের সঙ্গে এমিলির সম্পর্ক কোন দিকে এগোয়, তা নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে।

প্রাইম ভিডিও

প্রাইম ভিডিওর ডিসেম্বরের আয়োজন শুরু হবে ২ তারিখে ইংরেজি চলচ্চিত্র ‘দ্য ম্যান উইথ দ্য ব্যাগ’ দিয়ে। ৩ ডিসেম্বর আসছে হিন্দি ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম মৌসুম। ৪ ডিসেম্বর মুক্তি পাবে ইংরেজি সিরিজ ‘দ্য ডেভিলস আওয়ার’-এর তৃতীয় মৌসুম। এরপর ৯ ডিসেম্বর ইংরেজি ও জার্মান সিরিজ ‘ম্যাক্সটন হল’-এর তৃতীয় মৌসুম দেখা যাবে। ১৬ ডিসেম্বর থাকছে রিয়েলিটি শো ‘বিস্ট গেমস’-এর তৃতীয় মৌসুম। ১৭ ডিসেম্বর আসবে হিন্দি ওয়েব সিরিজ ‘কল মি বে’-এর দ্বিতীয় মৌসুম। মাসের শেষ দিকে ২১ ডিসেম্বর মুক্তির তালিকায় রয়েছে ইংরেজি চলচ্চিত্র ‘মর্টাল কমব্যাট ২’।

হইচই

দেশীয় দর্শকদের জন্য ১০ ডিসেম্বর হইচইয়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে বাংলা ওয়েব ফিল্ম ‘সেলফি’। এতে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সারিকা সাবাহ। দেশীয় শিল্পীদের অভিনয়ে নির্মিত এই আয়োজনও থাকবে ডিসেম্বরের ওটিটি সূচিতে।

জিওহটস্টার

জিওহটস্টারে ৮ ডিসেম্বর মুক্তির তালিকায় রয়েছে ইংরেজি সিরিজ ‘অনলি মার্ডারস ইন লন্ডন’। আর ২৬ ডিসেম্বর আসার কথা ইংরেজি সিরিজ ‘হ্যারি পটার’।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা