প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মিনিট আগে
তানিয়া বৃষ্টি
শারীরিক অসুস্থতার কারণে বেশ কয়েক মাস অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বিরতির এই সময়ে অভিনয় থেকে দূরে থাকলেও দর্শকের আগ্রহে ভাটা পড়েনি তাকে নিয়ে। অবশেষে সুস্থ হয়ে কাজে ফিরেছেন তিনি। ‘অংশীদার’ শিরোনামের একটি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে বিরতি ভেঙে ফিরেই দর্শকের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।
গত ২১ নভেম্বর ইউটিউবে প্রকাশিত নাটকটি অল্প সময়েই দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। গতকাল পর্যন্ত নাটকটির ভিউ ১৫ লাখ ছাড়িয়েছে। তানিয়া বৃষ্টি বলেন, শুরুতেই কৃতজ্ঞতা মহান আল্লাহর কাছে যিনি আমাকে কিছুটা সুস্থতা দান করেছেন বিধায় আমি আমার পেশাগত কাজে ফিরতে পেরেছি। সেই সঙ্গে কৃতজ্ঞতা আমার জন্য, যারা সব সময় দোয়া করেছেন।
কৃতজ্ঞ এই নাটকের পরিচালকের প্রতি, আমাকে নিয়ে তিনি ভেবেছেন এবং জীবনঘনিষ্ঠ একটি গল্পে কাজ করার সুযোগ করে দিয়েছেন। এই নাটকে অভিনয় করে আমি জানতে পেরেছি যে, মুসলিম আইনে জীবদ্দশায় বিনা বিনিময়ে বা কোনো প্রতিদান ছাড়া সম্পত্তি হস্তান্তরের লিখিত ও নিবন্ধিত ঘোষণাপত্রকে হেবা দলিল বলে।
এটি দাতার জীবদ্দশাতেই কার্যকর হয় এবং সম্পত্তির মালিকানা স্থায়ীভাবে গ্রহীতার কাছে স্থানান্তর করে। আমি আমার চরিত্রটি ঠিকঠাকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আর অনেক দিন পর ডলি মায়ের সঙ্গে অভিনয় করে ভালো লেগেছে। খুব ভালো লেগেছে বাবু আঙ্কেলের সঙ্গে অভিনয় করেও। কারণ তার সঙ্গে এর আগেও একটি নাটকে বিশেষত বাবা ও মেয়ের চরিত্রে অভিনয় করে অনেক সাড়া পেয়েছি। খুব অল্প সময়ে এই নাটকে অভিনয়ের জন্য আমি যে অবিশ্বাস্য রকম সাড়া পেয়েছি, তাতে দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আগামীতে আমি পূর্ণ সুস্থ হয়ে পুরোদমে কাজে ফিরতে পারি।