প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ মিনিট আগে
মডেল ও অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। আজ ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে হাজির হয়ে এ আবেদন করেন তিনি।
বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় জানান, ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ (সি) ধারায় দায়ের করা মামলায় সোমবার বিবাদী তানজিন তিশার আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। বিবাদীপক্ষ আদালতের নোটিশ গ্রহণ করলেও নির্ধারিত দিনে তিশা হাজির হননি। এ কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী। তবে বিচারক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় এ আবেদনের শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছেন।
আবেদনে বাদীপক্ষের অভিযোগ, মামলার বিষয়ে অবগত থাকা সত্ত্বেও নির্ধারিত দিনে আদালতে উপস্থিত হননি তানজিন তিশা। শুধু তা-ই নয়, মামলা দায়েরের পরও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাদীকে নিয়ে বিভিন্ন কটূক্তি করে আসছেন তিনি। এসব কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন সানায়া আনাম। বাদীর অভিযোগ, মামলাটি প্রত্যাহারের জন্য বিভিন্ন সময়ে তাকে হুমকি দেওয়া হয়েছে। এমনকি গত বছরের ৭ নভেম্বর ফোনেও হুমকি দেওয়া হয়।
প্রতারণার মামলাটি প্রথমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। তবে ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন জানান বাদী। পরে রোববার আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।
বাদীর আরও অভিযোগ, তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ক্ষুব্ধ হয়ে তানজিন তিশা পল্লবীতে তার বাসায় লোক পাঠিয়ে হুমকি দেন। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়ে থানায় মামলা করতে গেলেও তাকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত তানজিন তিশার কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।