প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মিনিট আগে
প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় আসছেন খায়রুল বাসার ও সারিকা সাবাহ। মুশফিকা মাসুদের পরিচালনায় ‘সেলফি’ নামের একটি ওয়েব ফিল্মে দেখা যাবে তাঁদের।
২২ নভেম্বর প্রকাশ করা হয়েছে
ওয়েব ফিল্মটির পোস্টার। হরর, রোম্যান্স ও
থ্রিলারের মিশেলে নির্মিত হয়েছে ‘সেলফি’। এতে খায়রুল বাসার ও সারিকা সাবাহ ছাড়াও অভিনয় করেছেন ফজলুর
রহমান বাবু। এর ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে রয়েছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।
খায়রুল বাসার এর আগে হইচইয়ের
বেশ কয়েকটি সিরিজে অভিনয় করলেও এই প্রথম প্ল্যাটফর্মটির কোনো ওয়েব ফিল্মে কাজ
করেছেন। অন্যদিকে সারিকা সাবাহর হইচইয়ে এটিই প্রথম কাজ। পাশাপাশি পরিচালক মুশফিকা
মাসুদের সঙ্গেও প্রথমবার কাজ করেছেন এই দুই অভিনয়শিল্পী।
‘সেলফি’র গল্পের ভাবনা সম্পর্কে পরিচালক
মুশফিকা মাসুদ জানান, নিউইয়র্কে
ফিল্ম স্কুলে পড়ার সময় স্বল্পদৈর্ঘ্য ভৌতিক চলচ্চিত্র হিসেবে গল্পটি লিখেছিলেন
তিনি। পরে হইচইয়ের সঙ্গে কয়েকটি গল্প ভাগ করে নিলে ‘সেলফি’ সবার পছন্দ হয়। সেখান থেকেই
পূর্ণাঙ্গ ওয়েব ফিল্ম নির্মাণের পরিকল্পনা এগিয়ে যায়।
নির্মাতার ভাষ্য অনুযায়ী, হরর, রোম্যান্স ও
থ্রিলারের মিশেলে সম্পর্ক ও মানবিক বন্ধনের গল্প তুলে ধরা হয়েছে এতে। বাংলাদেশের
নির্মাতা হিসেবে মুশফিকা মাসুদের পথচলা খুব বেশি দিনের নয়। এর আগে অমিতাভ রেজা
চৌধুরীর সঙ্গে কাজ করেছেন তিনি। তবে ‘সেলফি’ তাঁর নিজস্ব ভাবনা ও গল্প হওয়ায় নির্মাণের দায়িত্বও সামলেছেন
স্বাধীনভাবে। এবার দর্শকের সামনে নতুন এই জুটির রসায়ন ও গল্পের উপস্থাপন কতটা গ্রহণযোগ্য
হয়,
সেটিই দেখার অপেক্ষা। আগামী
১০ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে এটি।