প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মিনিট আগে
চার দশকের বেশি সময় ধরে বাংলা রকসংগীতে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন নগর বাউল জেমস। গান, সুর আর মঞ্চ পরিবেশনায় কয়েক প্রজন্মের শ্রোতার কাছে জনপ্রিয় এই শিল্পী এবার নিজের সংগীতকর্ম সংরক্ষণে নতুন উদ্যোগ নিতে যাচ্ছেন। এ লক্ষ্যে গড়ে তুলছেন ‘জেমস ফাউন্ডেশন’। তার সংগীত সংরক্ষণের পাশাপাশি প্রতিষ্ঠানটির মাধ্যমে পরিচালিত হবে বিভিন্ন সামাজিক কার্যক্রম।
আশির দশকের শুরুতে চট্টগ্রামে ‘ফিলিংস’ ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল হিসেবে সংগীতজীবন শুরু করেন জেমস। ১৯৮৭ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। এরপর ধীরে ধীরে বাংলা রকসংগীতে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তোলেন তিনি। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়ার পাশাপাশি দেশ-বিদেশের মঞ্চেও নিয়মিত পরিবেশনা করে যাচ্ছেন এই শিল্পী।
এদিকে দীর্ঘদিন নতুন অ্যালবাম প্রকাশ না পাওয়ায় ভক্তদের মধ্যে তার নতুন গান নিয়ে আগ্রহ রয়েছে। এ প্রসঙ্গে জেমস জানান, নতুন গান প্রকাশের পরিকল্পনা রয়েছে তার। তবে টানা স্টেজ শোর ব্যস্ততার কারণে এখনও সেভাবে সময় বের করতে পারছেন না তিনি। সংগীতজীবন নিয়ে তার বক্তব্য, কোনো কিছু পাওয়ার প্রত্যাশায় নয়, ভালোবাসা ও নিজের আবেগ থেকেই গান করে এসেছেন তিনি। নতুন প্রজন্মের শিল্পীদের প্রতিও তার পরামর্শ, প্রাপ্তির হিসাব না কষে সংগীতের প্রতি ভালোবাসা থেকেই কাজ করা উচিত।
নতুন এই ফাউন্ডেশনের উদ্যোগের মধ্য দিয়ে জেমসের দীর্ঘদিনের সংগীতকর্ম সংরক্ষণ এবং সামাজিক কার্যক্রম পরিচালনার একটি প্রাতিষ্ঠানিক ক্ষেত্র তৈরি হতে যাচ্ছে।