প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মিনিট আগে
নব্বইয়ের দশকের ঢাকাই সিনেমায় জনপ্রিয়তার নতুন সমীকরণ তৈরি করেছিলেন সালমান শাহ ও শাবনূর। পর্দায় তাদের জুটি মানেই ছিল দর্শকের বাড়তি আগ্রহ, সিনেমা হলে উপচে পড়া ভিড় আর গান-সংলাপে মুগ্ধতার গল্প। একসঙ্গে ১৪টি সিনেমায় অভিনয় করে এই জুটি জায়গা করে নিয়েছিল দর্শকের হৃদয়ে।
সালমান শাহর স্বতন্ত্র অভিনয়শৈলী আর শাবনূরের প্রাণবন্ত উপস্থিতি তাদের জুটিকে দিয়েছিল আলাদা পরিচিতি। সিনেমার সংখ্যা কিংবা সময়ের বিচারে নয়, দর্শকের ভালোবাসায় আজও বাংলা সিনেমার অন্যতম আলোচিত জুটি তারা।
প্রথম সিনেমায় জুটি
সালমান শাহ ও শাবনূরের জুটির যাত্রা শুরু হয় ‘তুমি আমার’ সিনেমার মাধ্যমে। জহিরুল হক পরিচালিত সিনেমাটির শুটিং চলাকালে ১৯৯৩ সালে মারা যান পরিচালক। পরে বাকি কাজ শেষ করেন তমিজ উদ্দীন রিজভী। ১৯৯৪ সালে ঈদুল আজহায় মুক্তি পায় সিনেমাটি। ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছিলেন জহিরুল হকের ছেলে আবদুল্লাহ জহির বাবু। প্রথম সিনেমায়ই দর্শকদের নজরকাড়ে এই জুটি। এরপর তাদের একসঙ্গে পথচলা আরও বিস্তৃত হয়।
একসঙ্গে ১৪ সিনেমা
‘তুমি আমার’-এর পর একে একে ১৪টি সিনেমায় জুটি হয়ে অভিনয় করেন সালমান শাহ ও শাবনূর। এর মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হলোÑ ‘সুজন সখী’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেমপিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুকের ভিতর আগুন’। রোমান্টিক গল্পের পাশাপাশি পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপটের সিনেমায়ও নিজেদের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তারা। প্রতিটি সিনেমায় তাদের উপস্থিতি দর্শকদের মধ্যে তৈরি করেছিল বাড়তি আগ্রহ।
গানে গানে প্রেমের গল্প
সালমান-শাবনূর জুটির জনপ্রিয়তার পেছনে সিনেমার গানেরও বড় ভূমিকা ছিল। পর্দায় তাদের গানের দৃশ্যগুলো হয়ে উঠেছিল দর্শকদের বিশেষ আকর্ষণ। ‘তুমি আমার’ সিনেমার ‘দেখা না হলে এক দিন’, ‘স্বপ্নের ঠিকানা’র ‘এই দিন সেই দিন’ ও ‘ও সাথীরে যেও না কখনো দূরে’; ‘তোমাকে চাই’ সিনেমার ‘ভালো আছি ভালো থেকো’ ও ‘আমার নাকেরই ফুল বলে রে’ গানগুলো এখনও শ্রোতাদের মনে জায়গা ধরে রেখেছে।
এ ছাড়া ‘মহামিলন’ সিনেমার ‘আমি যে তোমার প্রেমে পড়েছি’, ‘চাওয়া থেকে পাওয়া’র ‘সাথী তুমি আমার জীবনে’, ‘জীবন সংসার’-এর ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে’ এবং ‘স্বপ্নের পৃথিবী’র ‘বৃষ্টিরে বৃষ্টি আয় না জোরে’ ও ‘তুমি আমার মনের মানুষ মনেরই ভেতর’ গানগুলোও জনপ্রিয়তা পেয়েছিল। এসব গানের সুর, কথা ও পর্দায় দুই তারকার উপস্থিতি দর্শকের কাছে আলাদা আবেদন তৈরি করেছিল।
আলাদা অভিনয়শৈলী
সালমান শাহর অভিনয়ে ছিল আধুনিকতা, স্বতন্ত্র স্টাইল ও সাবলীলতা। অন্যদিকে শাবনূর ছিলেন আবেগ প্রকাশে দক্ষ। হাসি, কান্না, অভিমান কিংবা ভালোবাসার দৃশ্যে তার স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের সহজেই স্পর্শ করত। দুজনের এই ভিন্নধর্মী অভিনয়শৈলী একসঙ্গে পর্দায় তৈরি করেছিল দারুণ রসায়ন।
সালমান শাহর অকালপ্রয়াণে এই জুটির পথচলা থেমে যায়। তবে তাদের অভিনীত সিনেমা, গান ও পর্দার মুহূর্তগুলো এখনও দর্শকের স্মৃতিতে জায়গা করে আছে। নতুন প্রজন্মের দর্শকের কাছেও তাদের জনপ্রিয়তা কমেনি।