প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ মিনিট আগে
বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের ভক্তদের জন্য একদিকে সুখবর, অন্যদিকে হতাশার। আবারও পর্দায় ফিরতে পারে তার জনপ্রিয় চরিত্র চুলবুল পান্ডে। আসছে ‘দাবাং’ সিরিজের নতুন কিস্তি।
তবে ২০১৫ সালে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’-এর সিকুয়েল নির্মাণের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন অভিনেতা। সম্প্রতি এবিপি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমা দুটির ভবিষ্যৎ নিয়ে কথা বলেন তিনি।
‘দাবাং’ সিরিজের নতুন কিস্তি প্রসঙ্গে সালমান জানান, সিনেমাটি নির্মাণের সিদ্ধান্ত তাদের নিজেদের হাতেই রয়েছে। তাই নতুন কিস্তি আসার সম্ভাবনা রয়েছে। ২০১০ সালে মুক্তি পাওয়া দাবাং সিনেমায় চুলবুল পান্ডে চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান সালমান। এরপর ২০১২ সালে মুক্তি পায় ‘দাবাং-২’ এবং ২০১৯ সালে আসে ‘দাবাং-৩’। তিনটি সিনেমায়ই দর্শকের কাছে প্রশংসিত হয় তার অভিনীত পুলিশ কর্মকর্তা চরিত্রটি।
অন্যদিকে ‘বজরঙ্গি ভাইজান-২’ নিয়ে সালমানের অবস্থান একেবারেই ভিন্ন। তার মতে, প্রথম সিনেমাটির আবেগ ও দর্শকের সঙ্গে তৈরি হওয়া গভীর সংযোগ অন্য কোনো সিনেমার মাধ্যমে ছাড়িয়ে যাওয়া কঠিন। সিকুয়েল নির্মিত হলে দর্শক সেটিকে প্রথম সিনেমার সঙ্গে তুলনা করতে পারেন। দ্বিতীয় কিস্তি দেখে দর্শকের ভালো না লাগার মতো পরিস্থিতি তৈরি হোক, তা চান না তিনি। এ কারণে ‘বজরঙ্গি ভাইজান’-এর দ্বিতীয় কিস্তি নির্মাণের সম্ভাবনা দেখছেন না এই অভিনেতা।